দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের চেষ্টা, তীর্থযাত্রী আটক

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২১:৩৪

সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের সময় বিশ্বজিৎ রায় (২৫) নামে একজন তীর্থযাত্রীকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস ইত্তেফাক ডিজিটালকে এ তথ্য জানিয়েছেন। এর আগে একই দিন বিকেলে সুন্দরবনের কুতুবখালী বনাঞ্চলে বনরক্ষীদের টহলের সময় তাকে আটক করা হয়।

এ সময় বনরক্ষীদের ধাওয়া খেয়ে আরও চারজন সুন্দরবনের ভেতর পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা।

আটক বিশ্বজিৎ রায় খুলনার ডুমুরিয়ার কুলাটি গ্রামের সুভাস রায়ের ছেলে।

বন বিভাগ জানায়, সোমবার বিকেলে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম ও আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথভাবে সুন্দরবনের আলোরকোলের কুতুবখালী বনে হেটে টহল দিচ্ছিল। এ সময় সুন্দরবনের মধ্যে হরিণ ধরার জন্য ফাঁদ পেতে ৫ শিকারিকে বসে থাকতে দেখেন তারা। পরে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ফাঁদ ফেলে রেখে শিকারিরা বনের মধ্যে দৌড়ে পালাতে চেষ্টা করে। বনরক্ষীরা ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও আরও চারজন বনের ভেতর পালিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস সোমবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, আটক বিশ্ববিৎসহ পালিয়ে যাওয়া বাকি চারজন দুবলার রাস উৎসবে অংশ নেওয়ার জন্য সুন্দরবনের দুবলায় এসেছিলো। তাদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা করা হবে এবং ঘটনায় জড়িত বাকিদের আইনের আওতায় আনতে বনরক্ষীরা সুন্দরবনে তল্লাশি চালাচ্ছে।

ইত্তেফাক/এপি