ভূমি অপরাধ আইনে এডিএমের আদেশের বিরুদ্ধে রিট গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২১:৪৭

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৮(১) ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) দেওয়া আদেশের বিরুদ্ধে করা রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের আদেশে সংক্ষুব্ধ ব্যক্তিদের ফৌজদারি কার্যবিধির ৪৩৯ ও ৫৬১-এ ধারায় প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল আমিন। প্রতিপক্ষ মো. আবুল বশরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহীন, ফারহানা আবেদিন, মো. তারেক রহমান ও শারমিন হামিদ।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে আর খান রবিনের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামের বাসিন্দা মো. আবুল বশর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৮(১) ধারায় মোহাম্মদ ফয়সালসহ কয়েকজনের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ৯৪/২০২৫ নম্বর মামলা করেন। অন্যদিকে মোহাম্মদ ফয়সালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেওয়ানি আদালতে ১৬১/২০২৫ ও ১৬২/২০০৫ নম্বরে দুটি মামলা করেন।

দেওয়ানি মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এডিএম আদালতে চলমান মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেন মোহাম্মদ ফয়সালসহ অন্যরা। এ জন্য ২০২৫ সালের ২৪ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ৩৪৪ ধারায় একটি আবেদন করা হয়। পরে একই বছরের ৩ ডিসেম্বর আরেকটি আবেদন করা হলে এডিএম সেটি নথিভুক্ত করেন।

এডিএমের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মোহাম্মদ ফয়সালসহ অন্যরা হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারির পাশাপাশি সংশ্লিষ্ট আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন।

রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রামের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা এবং মো. আবুল বশরকে বিবাদী করা হয়।

চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল খারিজ করে দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে আর খান রবিন।

তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির অধীনে পরিচালিত কার্যক্রম বাতিলের জন্য রিট আবেদন গ্রহণযোগ্য নয়, বিশেষ করে সংশ্লিষ্ট আইনে বিকল্প প্রতিকারের ব্যবস্থা থাকলে।

আদালত আরও জানিয়েছেন, এডিএমের আদেশে সংক্ষুব্ধ ব্যক্তিরা ফৌজদারি কার্যবিধির ৪৩৯ ও ৫৬১-এ ধারায় প্রতিকার চাইতে পারবেন। অর্থাৎ, এ ক্ষেত্রে প্রচলিত আইনেই তাঁদের বিকল্প আইনি প্রতিকারের সুযোগ রয়েছে।

ইত্তেফাক/এসজে