গোপালগঞ্জ জেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সমাবেশে নেতাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ১০টি দোকানে ভাঙচুর চালানো হয়।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সমাবেশে নেতাদের বক্তব্য চলার সময় তাঁদের পাশে দাঁড়ানো নিয়ে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের ছাত্রলীগ কর্মী সাজিদের ধাক্কাধাক্কি হয়।
এর জেরে সন্ধ্যার পর দুই গ্রামের আওয়ামী লীগ-সমর্থিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছয়টি ককটেল বিস্ফোরিত হলে চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান (১৯) ও শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৪০) এবং ঘোষেরচর গ্রামের কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা (৩৭) আহত হন।
এ ছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে আরও সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষ চলাকালে ওই এলাকার ১০টি দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ফারিহা পুষ্পালয়ের মালিক হাবিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শেষে নেতা-কর্মীরা লঞ্চঘাট এলাকায় সমবেত হন। এ সময় আমরা দোকান বন্ধ করে দিই। কিছুক্ষণ পর দেখি, আমাদের দোকানে হামলা ও ভাঙচুর শুরু হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে দোকান শেষ করে দিল। আমরা গোপালগঞ্জের মানুষ, আমরাও আওয়ামী লীগ করি। আমাদের দোকান কেন ভাঙচুর করল?’
তিনি আরও অভিযোগ করেন, পৌরসভার ঘর ভাড়া নিয়ে সেখানে মূলত চরমানিকদাহ গ্রামের লোকজনই ফুলের ব্যবসা করেন এবং চরমানিকদাহ গ্রামের লোকদের সেখানে ব্যবসা করতে না দেওয়ার মনোভাব থেকেই ঘোষেরচরের লোকজন এ হামলা চালিয়েছেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পুলিশ পেয়েছে। তবে পরবর্তী সময়ে দুই পক্ষ নিজেরাই বিষয়টি মীমাংসা করে নিয়েছে বলে জানা গেছে এবং এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।
