আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মাইকেল মিলার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২৩:১৫

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ওপর আরোপিত বিধিনিষেধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আগামী বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে আরও শক্তিশালী কৌশলগত সহযোগিতা গড়ে তুলতে ইইউ উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় ইইউ প্রতিনিধি দলের উপপ্রধান বাইবা জারিনাও উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার আস্থা প্রকাশ করে বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেকোনো অস্থিরতা মোকাবিলায় আনুপাতিক ও পরিমিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। প্রথাগত দাতা-গ্রহীতা সম্পর্কের গণ্ডি পেরিয়ে বাণিজ্য, বিনিয়োগ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, অভিবাসন, যোগাযোগ ও নিরাপত্তা খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার রূপরেখা তুলে ধরেন ইইউ দূত।

বাণিজ্য ও কৌশলগত অংশীদারত্বের বিষয়ে রাষ্ট্রদূত জানান, আগামী বছরের জুনে ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রাসেলস সফরের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এ ছাড়া সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আগামী ডিসেম্বরে ঢাকায় প্রথম সরাসরি আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইইউ, যাকে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গভীর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন তিনি।

মাইকেল মিলার বলেন, ‘আমরা এখন একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাব্যতা ও পরিধি যাচাই করছি।’ ভবিষ্যতের যেকোনো চুক্তিতে ভারসাম্যপূর্ণ অঙ্গীকার, পারস্পরিকতা, উভয় পক্ষের সুবিধা এবং বাস্তবায়নযোগ্য বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন তিনি। দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের কেন্দ্রে শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা ও সুশাসন গুরুত্বপূর্ণ হয়ে থাকবে বলেও তিনি জোর দেন।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজার সুবিধায় যে পরিবর্তন আসবে, তা মোকাবিলায় বাংলাদেশকে জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত। তিনি সতর্ক করে বলেন, শ্রম ব্যয় বৃদ্ধি এবং প্রতিযোগী দেশগুলো ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা পাওয়ায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা, বিশেষ করে তৈরি পোশাক খাত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

ভবিষ্যৎ বাণিজ্য ব্যবস্থার প্রস্তুতির জরুরি তাগিদ তুলে ধরে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের জন্য ছয় বছর মানে চোখের পলক ফেলার মতো সময়।’ মসৃণ উত্তরণ নিশ্চিত করতে এলডিসি উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা বাড়ানোর পক্ষে ইইউ সমর্থন দিলেও এর বিনিময়ে দৃশ্যমান সংস্কার ও বেসরকারি খাতের জোরালো সম্পৃক্ততা প্রত্যাশা করে বলে জানান তিনি।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে যৌথভাবে আগামী ৫ ও ৬ এপ্রিল ঢাকায় বাংলাদেশ-ইইউ ব্যবসা ও বিনিয়োগ ফোরাম অনুষ্ঠিত হবে। ওই আয়োজনে তৈরি পোশাক, চামড়া, কৃষি-ব্যবসা, লজিস্টিকস এবং যোগাযোগ খাতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। ইইউর ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের আওতায় বাংলাদেশের পরিবহন, জ্বালানি, ডিজিটাল অবকাঠামো ও লজিস্টিকস খাতে সহযোগিতা বাড়ছে উল্লেখ করে রাষ্ট্রদূত চট্টগ্রামের লালদিয়া গ্রিন কনটেইনার টার্মিনাল, রেলওয়ের আধুনিকায়ন এবং দেশের প্রথম বৈদ্যুতিক রেল প্রকল্পকে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধির উদাহরণ হিসেবে তুলে ধরেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের প্রতি ইইউর সমর্থন পুনর্ব্যক্ত করেন মাইকেল মিলার। তিনি জানান, ২০১৭ সাল থেকে ইইউ ৫০ কোটি ইউরোর বেশি মানবিক সহায়তা দিয়েছে, যার মধ্যে ২০২৬ সালে দেওয়া হয়েছে ৩ কোটি ১৫ লাখ ইউরো; পাশাপাশি কক্সবাজারে ৫ কোটি ইউরোর উন্নয়ন সহযোগিতা চলমান রয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টায় ইইউ সহায়তা করেছে, যার মধ্যে আদালতে রোহিঙ্গাদের সাক্ষ্য দেওয়ার বিষয়টি সহজ করাও অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের নতুন রোহিঙ্গা কৌশল এবং আন্তর্জাতিক দায়িত্ব ভাগাভাগি অব্যাহত থাকার বিষয়ে ইইউ আশাবাদী বলেও জানান তিনি।

ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে উভয় পক্ষেরই নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন উল্লেখ করে মাইকেল মিলার বলেন, বাংলাদেশ ও ইইউর সম্পর্ক ক্রমেই আরও রাজনৈতিক ও কৌশলগত রূপ নিচ্ছে।

ইত্তেফাক/এনএন