শতবর্ষের জন্য ফুটবল বেচতে চেয়েছিলেন ইনফান্তিনো

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭

ফুটবলের বাণিজ্যিক স্বত্ব প্রায় এক শতাব্দীর জন্য একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ২০ বিলিয়ন ডলারের প্রস্তাবিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে চুক্তির মেয়াদ হতে পারত সর্বোচ্চ ৯৬ বছর। 

শুধু তা-ই নয়, প্রকল্পটির ব্যবস্থাপনায় থাকা ব্যক্তিদের জন্য রাখা হয়েছিল প্রতিষ্ঠানের শেয়ারের সর্বোচ্চ ৫ শতাংশ, যার আর্থিক মূল্য হতে পারত বিপুল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের হাতে আসা ফিফা ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের অভ্যন্তরীণ নথিতে উঠে এসেছে এসব তথ্য। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের পরিকল্পনাটি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল গত জুলাইয়ে, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের কয়েক দিন আগে।

১৭ জুলাইয়ের একটি অভ্যন্তরীণ ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব একটি মুনাফাভিত্তিক সহযোগী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। পরদিনের নথিতে উল্লেখ করা হয়, প্রতি ১২ বছর পরপর নবায়নযোগ্য লাইসেন্সের মাধ্যমে চুক্তির মেয়াদ সর্বোচ্চ ৯৬ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। নতুন প্রতিষ্ঠানে ফিফার ৫১ শতাংশ মালিকানা অনির্দিষ্টকাল বজায় থাকার কথাও ছিল। সবচেয়ে আলোচিত বিষয় ছিল ব্যবস্থাপনা দলের জন্য বিশেষ প্রণোদনা। 

প্রস্তাব অনুযায়ী, প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৫ শতাংশ শেয়ার তাদের জন্য বরাদ্দ রাখা হতে পারত। প্রাথমিক ২০ বিলিয়ন ডলারের মূল্যায়নের অতিরিক্ত প্রতি ১ বিলিয়ন ডলার মূল্যবৃদ্ধিতে এই তহবিলের সম্ভাব্য মূল্য দাঁড়াত ৫০ মিলিয়ন ডলার।

চুক্তি ভঙ্গ করলে কিংবা অন্য বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি করলে ফিফাকে থ্রাইভ ক্যাপিটালকে ২৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হতে পারত। পাশাপাশি কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই বিনিয়োগ প্রস্তাবটি এগিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। ফিফার অভ্যন্তরীণ নথিতে আরও বলা হয়েছে, চুক্তির শর্ত নির্ধারণে সংস্থাটির অর্থ বিভাগ সরাসরি যুক্ত ছিল না। 

এফএফইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হওয়ার কথা ছিল ইনফান্তিনোর। তবে তিনি ব্যক্তিগতভাবে এই প্রকল্প থেকে লাভবান হতেন, এমন কোনো প্রমাণ নেই। ফিফাও বরাবরই তা অস্বীকার করেছে।

ইত্তেফাক/জেডএইচ