প্রতিবেশী বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার বিরুদ্ধে একের পর এক উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, এস্তোনিয়ার এমন পদক্ষেপ দুই দেশকে প্রকাশ্য সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়।
রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের পরিকল্পনা ঘোষণা এবং বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনের হামলার পর এস্তোনিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মস্কো। সীমান্ত বন্ধের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে রাশিয়ায় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, এস্তোনিয়ার কূটনীতিককে আবারও জানানো হয়েছে, এ ধরনের উসকানিমূলক ও বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে রুশবিদ্বেষী মনোভাব ছড়িয়ে দেওয়ার অভিযোগও আনে মস্কো।
রাশিয়ার আরও দাবি, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালানোর জন্য ইউক্রেনীয় ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের পরোক্ষ অনুমতি দিচ্ছে এস্তোনিয়া। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে তাল্লিন।
এ ছাড়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজের চলাচলে বাধা সৃষ্টি, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ করা, রুশ ভাষার ব্যবহার বন্ধের চেষ্টা এবং রুশ অর্থোডক্স গির্জা বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতীয় স্বার্থ এবং নাগরিকদের বৈধ অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, লিবিয়ার বেনগাজি বন্দরে রাশিয়ার দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ হামলার পর ইউক্রেনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেয় মস্কো। পাশাপাশি হামলার জবাবে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ক্রেমলিন।
উল্লেখ্য, এস্তোনিয়া পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
সূত্র: আলজাজিরা
