কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। একই সময়ে এই নৌপথে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার কথাও জানিয়েছে দেশটি। এসব ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তাব্যবস্থার চরম ব্যর্থতার অভিযোগ তুলেছে তেহরান।
সোমবার (২৩ নভেম্বর) দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম’ (লুকাস) ড্রোন ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইআরএনএ। ইরানের এই দাবির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
এদিকে, সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে নৌমাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। আইআরজিসি জানায়, ট্যাংকারগুলোর মধ্যে দুটি প্রণালির পূর্ব অংশে পাতা নৌমাইনে আঘাত হানে। এতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং তিনটি জাহাজেই আগুন ধরে যায়।
আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা এসব ঘটনা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিস্ফোরণ ও ট্যাংকারে আগুন লাগার ঘটনার ভিডিও ফুটেজ শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানিয়েছে তারা।
একই সঙ্গে ইরানের কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে চলাচল না করতে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলসংক্রান্ত সতর্কবার্তা উপেক্ষা না করতে আন্তর্জাতিক জাহাজগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। তেহরান আগেই সতর্ক করেছিল যে, ইরানের নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথে চলাচলকারী কিংবা অনুমতি ছাড়া এই প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
উল্লেখ্য, বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের অন্যতম প্রধান ও সংবেদনশীল নৌপথ হলো হরমুজ প্রণালি। গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করলেও হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টি নিয়ে মতভিন্নতার কারণে এর বাস্তবায়ন থমকে যায়। যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও গত জুলাই মাস থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘাত ও উত্তেজনা চলছে।
