স্তন ক্যানসারের নতুন ওষুধ অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩

প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন একটি হরমোন থেরাপির বড়ি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোশের তৈরি ‘উইলসার্ডলি’ নামের ওষুধটি ব্যবহারে ক্যানসার ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে। দুই দশকের বেশি সময় পর এ ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন হরমোন থেরাপির অনুমোদন পেল ওষুধটি।

সোমবার (২৪ নভেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওষুধটির জেনেরিক নাম গিরেডেস্ট্র্যান্ট। অস্ত্রোপচারের পর যেসব রোগীর ক্যানসার পুনরায় ফিরে আসার ঝুঁকি মাঝারি থেকে বেশি, তাদের চিকিৎসায় এটি ব্যবহারের অনুমতি দিয়েছে এফডিএ। সংস্থাটির তথ্য অনুযায়ী, ইস্ট্রোজেন রিসেপ্টর-পজিটিভ এবং এইচইআর২-নেগেটিভ প্রথম থেকে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত রোগীরা এ ওষুধ নিতে পারবেন। বিশ্বে স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের প্রায় ৭০ শতাংশ এই ধরনের ক্যানসারে ভোগেন।

প্রতিদিন একবার সেবনযোগ্য এই বড়ি ক্যানসার কোষের বৃদ্ধিতে ইস্ট্রোজেনের ভূমিকা বাধাগ্রস্ত করে। পাশাপাশি ক্যানসার কোষে ইস্ট্রোজেন রিসেপ্টরের সংখ্যাও কমিয়ে দেয়। ফলে রোগের পুনরাবৃত্তির ঝুঁকি কমাতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

গবেষণায় ক্যানসার ফিরে আসার ঝুঁকি কমেছে ৩০ শতাংশ

৪ হাজার ১৭০ জন প্রাপ্তবয়স্ক রোগীর অংশগ্রহণে পরিচালিত শেষ পর্যায়ের একটি গবেষণার ফলাফলের ভিত্তিতে ওষুধটির অনুমোদন দেওয়া হয়েছে। গবেষণায় অংশ নেওয়া রোগীরা সর্বোচ্চ পাঁচ বছর উইলসার্ডলি অথবা প্রচলিত হরমোন থেরাপি গ্রহণ করেন।

গবেষণার ফলাফলে দেখা গেছে, প্রচলিত হরমোন থেরাপির তুলনায় উইলসার্ডলি ব্যবহারে ক্যানসার পুনরায় ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি ৩০ শতাংশ কমেছে।

রোশে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধটি পাওয়া যেতে পারে। দেশটিতে এর মাসিক তালিকামূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫০০ ডলার।

এর এক সপ্তাহ আগেও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া উন্নত পর্যায়ের স্তন ক্যানসারের নির্দিষ্ট রোগীদের চিকিৎসায় গিরেডেস্ট্র্যান্ট ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। সে ক্ষেত্রে ইএসআর১ জিনে মিউটেশন থাকা টিউমারের রোগীদের এভারোলিমাসের সঙ্গে ওষুধটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

তবে গিরেডেস্ট্র্যান্ট রোগীদের আয়ু বাড়াতে সহায়তা করে কি না, তা নিশ্চিত হতে তাদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে এফডিএ। এ বিষয়ে পরবর্তী গবেষণার ফলাফল বাজারে ওষুধটি আসার পর জমা দিতে সম্মত হয়েছে রোশে।

সূত্র: রয়টার্স

ইত্তেফাক/এসএ