পাঁচ কারণে সাঈদ খোকনকে আরও ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৩:২০

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাঁচটি কারণ উল্লেখ করে মঙ্গলবার এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।

রিমান্ড আবেদনে ডিবি পাঁচটি কারণ উল্লেখ করেছে। সেগুলো হলো—

• সাঈদ খোকনের কাছ থেকে পাওয়া তথ্যের যাচাই বাছাই করা।

• আসামির শনাক্ত মতে অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা।

• মামলার ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের অবস্থান শনাক্ত করা।

• মামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার।

• মামলার মূল রহস্য ও মূল পরিকল্পনাকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তার।

এর আগে গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবি পুলিশের হাতে তুলে দেয় এসআরবি। সেদিনই তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা কিশোর মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলাটি করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে সাঈদ খোকনের নামও রয়েছে।

অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ইত্তেফাক/এসজে