সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৪:০৫

সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় থাকা আপত্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আইনের বিষয়ে অংশীজনদের আরও কোনো সুপারিশ থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, আইনটি প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে মতপ্রকাশের স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতার মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকায় প্রধানমন্ত্রী আইনটি মন্ত্রিসভা থেকে পর্যালোচনা ও পরামর্শের জন্য ফেরত পাঠিয়েছেন।

আইনমন্ত্রী জানান, পর্যায়ক্রমে সম্পাদক, সাংবাদিকসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। মঙ্গলবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সমন্বয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ করা হয়েছে। আগামী দিনে নাগরিক সমাজ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গেও আলোচনা করা হবে।

আইনের বিভিন্ন ধারায় থাকা আপত্তিগুলো পর্যালোচনার বিষয়ে আসাদুজ্জামান বলেন, অংশীজনদের আরও কোনো সুপারিশ থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধ আরোপের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক সনদের (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদের ৩ উপধারায় যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের বিধান রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদেও মতপ্রকাশ ও বাক্‌স্বাধীনতার ক্ষেত্রে এ ধরনের বিধিনিষেধের সুযোগ রাখা হয়েছে। সরকার এর বাইরে কিছু করছে না এবং করবেও না।

পরামর্শ সভায় অংশীজনদের প্রতিক্রিয়া তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তারা আইনের বেশ কয়েকটি ধারার প্রশংসা করেছেন এবং কিছু সুপারিশও দিয়েছেন। এসব সুপারিশ তাৎক্ষণিকভাবে নোট করা হয়েছে। আলোচনার প্রস্তুতির জন্য আইনের খসড়া এক সপ্তাহ থেকে ১০ দিন আগেই অংশীজনদের কাছে পাঠানো হয়েছিল।

কোনো কনটেন্ট অপসারণ বা বন্ধ করার ক্ষমতা প্রয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিচারিক পর্যালোচনার আওতায় থাকবে। চূড়ান্ত খসড়ায় বিষয়টি কীভাবে অন্তর্ভুক্ত হচ্ছে, তা দেখার পর এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।

আইনের ধারাগুলোর সংজ্ঞা আরও স্পষ্ট করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘আকাশের যত তারা, আইনের তত ধারা। যত বিস্তারিতই করি না কেন, তার কোনো না কোনো ইতিবাচক-নেতিবাচক দিক থাকবে। আমরা চেষ্টা করছি সংজ্ঞাগুলো স্পষ্ট করতে। এখানে বিস্তারিত করার প্রশ্ন নয়, প্রশ্ন হলো স্পষ্ট করা এবং দুর্বোধ্যতা দূর করা। আমরা সেই চেষ্টায় আছি এবং করব।’

সভায় বিদেশি কূটনীতিকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তারা আইনের বেশ কয়েকটি ধারার প্রশংসা করেছেন। নাগরিক অধিকার রক্ষায় সরকারের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি দু-একটি সুপারিশও দিয়েছেন।

 
ইত্তেফাক/এসএ