আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, সেসব দলকে এবারের মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হচ্ছে। পাশাপাশি নতুন করে নিবন্ধন পাওয়া চারটি রাজনৈতিক দলকেও সংলাপে ডাকা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর মতামত ও সহযোগিতা নিতেই এ উদ্যোগ।
এদিকে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পাঁচ ধাপের রোডম্যাপ ও ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন।
