তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা হয়নি। নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা মজুরি নির্ধারণের লিখিত প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হওয়া সভার বিরতিতে সাংবাদিকদের এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভায় তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হয়। আলোচ্যসূচিতে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং নিম্নতম মজুরি নির্ধারণে চূড়ান্ত সুপারিশ প্রণয়নের বিষয় ছিল।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা আলোচনা হয়। ওই সভায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণে আগ্রহ প্রকাশ করেছিল। তবে মঙ্গলবারের সভায় তারা ১৫ হাজার ৭০০ টাকার লিখিত প্রস্তাব দেয়।
অন্যদিকে, শ্রমিকপক্ষ আগের সভায় তাদের প্রাথমিক ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। চতুর্থ সভাতেও তারা সেই দাবিতে অনড় থাকে।
সভায় শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার ব্যবধান থাকায় কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। পরে পরবর্তী সময়ে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়ে সভা মুলতবি করা হয়। উভয় পক্ষই নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সভায় অংশ নিতে সম্মত হয়েছে।
