রোহিঙ্গা গণহত্যার রায়

মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৯:০৬

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। জেনোসাইড সংঘটনের দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের পর এ প্রথম মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল যুক্তরাজ্য।

নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ। আইসিজের রায়ের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাজ্যের সঙ্গে একই অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ কয়েকটি দেশ।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, ‘জেনোসাইডের মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় নিজেদের মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। পাশাপাশি এ বিষয়ে কার্যকর পদক্ষেপও নিতে হবে।’

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত দমন-পীড়নের সময় হাজারো রোহিঙ্গা প্রাণ হারান। জীবন বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছেন বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

মিলিব্যান্ডের ভাষ্য, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার সময় মিয়ানমারের সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। ওই সময়ের বিভিন্ন অপরাধের জন্য তিনি সরাসরি দায়ী। ২০২১ সালেই তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।

মিয়ানমারে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধেরও আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, বিচার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন নৃশংস ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে হবে।’

এ ছাড়া মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। আইসিজের রায় ঘোষণার পর যুক্তরাজ্য থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকেও বহিষ্কার করা হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মিলিব্যান্ড জানান, চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আইসিজের রায়ের বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য। এ নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে পৃথক বৈঠক আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইয়াসাওয়া ইয়ুজি মিয়ানমারের বিরুদ্ধে জেনোসাইডের অভিযোগের মামলার রায় ঘোষণা করেন

আইসিজের রায় ও গণহত্যার অভিযোগ
গত ১৯ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, উপস্থাপিত প্রমাণ পর্যালোচনার পর গণহত্যার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত আদালতের বিচারক প্যানেলে ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়। পাশাপাশি ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের একাধিক ধারা লঙ্ঘনের দায়েও মিয়ানমারকে দায়ী করা হয়েছে।

রায়ে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার বিষয়টি উঠে আসে। ওই অভিযানে রোহিঙ্গাদের বসতবাড়ি ও গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া, নারী ও মেয়েশিশুদের ওপর যৌন সহিংসতা, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধের তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে মিয়ানমার কর্তৃপক্ষ এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

ওই সময় দেশটির বেসামরিক নেতৃত্বে ছিলেন অং সান সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

এদিকে মিয়ানমারে এখনো সংঘাত অব্যাহত রয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের জানানো হয়েছে, দেশটিতে বিমান হামলার ঘটনা ঘটছে। একই সঙ্গে আরাকান আর্মির সহিংস কর্মকাণ্ডের খবরও পাওয়া যাচ্ছে। ফলে রোহিঙ্গা সংকটের পাশাপাশি দেশটির সামগ্রিক নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক মহলে।

সূত্র: বিবিসি

ইত্তেফাক/এসজেএস