রাজধানীর লালবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত প্রায় ১টার দিকে রাজধানীর লালবাগ থানাধীন নিউ পল্টন লাইন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে লালবাগ থানা পুলিশ। অভিযানে ইফতেখার চৌধুরী সজীবকে গ্রেপ্তার করা হয়।
লালবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইফতেখার চৌধুরী সজীব নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি। ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক উপসম্পাদক। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ইফতেখার চৌধুরী সজীবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
