রাজধানীর কাঁঠালবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে আরও একজন মারা গেছেন। শামসুন্নাহার বেগম (৫২) নামের ওই নারীর মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে মারা যান শামসুন্নাহারের মেয়ে সানজিদা ইসলাম (২০), ইফতি সাবা (২৫) এবং তার এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ। এ ঘটনায় দগ্ধ ইফতি সাবার স্বামী আব্দুর রহমান মানিকের শরীরের ৬ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ। এ ছাড়া পাশের কক্ষের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২) দগ্ধ হন।
আব্দুর রহমান মানিক জানান, চতুর্থ তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানকে নিয়ে সাবলেট থাকতেন তারা। ঘটনার দিন সকালে তার স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে রান্না করছিলেন। চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এরপর একে একে দগ্ধ অবস্থায় সবাই ঘর থেকে বের হন।
মানিক আরও জানান, তারা বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করতেন। তবে সিলিন্ডারটি ভবনের নিচে রাখা ছিল। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন অথবা কোথাও লিকেজ ছিল। এতে সারা রাত গ্যাস বের হয়ে ঘরে জমে থাকতে পারে। সকালে চুলায় আগুন জ্বালানোর সময় সেই গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে।
এদিকে, কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ তারা ঘটনাস্থলে যান। তবে এর আগেই আগুন নিভে যায়। পরে প্রতিবেশীরা দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, বিস্ফোরণের শব্দ ছিল বিকট। এতে দরজা-জানালা ভেঙে যায়। প্রাথমিকভাবে গ্যাস লিকেজের কারণে ঘরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
