দেশের ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৩:২৪

দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে বুধবার (২৫ নভেম্বর)। এর মধ্যে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে। এবার আবেদনকারীদের জন্য জিপিএর শর্ত কমিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। কিছু ক্ষেত্রে শর্ত শিথিল করায় আগের তুলনায় বেশি শিক্ষার্থী আবেদনের সুযোগ পাবেন।

কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষা—

২৫ নভেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে। আবেদন ফি ১ হাজার ৬০০ টাকা। মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে নিয়ম মেন ফি পরিশোধ করা যাবে। এ ক্ষেত্রে লেনদেনের অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে। আবেদনকারীদের কেন্দ্রের তালিকা থেকে ১ থেকে ৯ পর্যন্ত পছন্দক্রম উল্লেখ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে আবেদনকারীর পছন্দক্রম এবং আবেদন ফি জমা দেওয়ার তারিখ ও সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে। প্রয়োজনে এক বা একাধিক উপকেন্দ্রেও পরীক্ষা নেওয়া হতে পারে।

ভর্তি পরীক্ষার নম্বর ও মানবণ্টন

আগামী ২ জানুয়ারি ২০২৭ শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টার এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা দিতে হবে আবেদনকারী শিক্ষার্থীদের। পরীক্ষার প্রশ্ন ২০২৬ সালের এইচএসসি বা সমমানের সিলেবাস থেকে হবে।

পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বর থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন—

কৃষি গুচ্ছের আওতায় থাকা ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৩ হাজার ৭৯৫টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়—

আবেদন ফি ও নিয়মাবলি—

আবেদনকারীকে অনলাইনে আবেদন ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে ১ হাজার ২০০/- (এক হাজার দুই শত টাকা) এবং ‘ই’ ইউনিটের জন্য ১ হাজার ৫০০/- (এক হাজার পাঁচ শত টাকা) প্রদান করতে হবে। আবেদন করার নিয়ম, ভর্তির বিস্তারিত তথ্য, আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষা

১ জানুয়ারি ২০২৭ ইউনিট এ (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ৮ জানুয়ারি ইউনিট ই (চারুকলা অনুষদ), ১৫ জানুয়ারি ইউনিট বি (কলা অনুষদ ও আইন অনুষদ), ২২ জানুয়ারি ইউনিট সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ২৩ জানুয়ারি ইউনিট ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।

*কৃষি গুচ্ছে ভর্তিতে বিস্তারিত জেনে নিন এখানে

*জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিস্তারিত জেনে নিন এখানে

 

ইত্তেফাক/এনটিএম