চুয়াডাঙ্গার দর্শনায় স্থানীয় একটি মাছের ঘের পাহারা দেওয়ার সময় মো. বদর উদ্দিন (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনা থানার গহেরপুর গ্রামের শামসুদ্দিন আলি ছেলে মো. বদর উদ্দিন (৪৫) প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে মাছের ঘেরটি পাহারা দেওয়ার জন্য বের হন। বুধবার সকালে বাড়ি না ফিরলে তার আত্মীয়-স্বজন তাকে খুঁজতে বিলের দিকে যায়। এসময় বিলের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল তৈরি করে।
দর্শনা থানার তিতুদহ পুলিশ ক্যাম্পের সেকেন্ড অফিসার স্বপন কুমার বিশ্বাস জানান নিহত ব্যক্তি স্থানীয় বিলের পাহারার কাজ করতেন। দুর্বৃত্তরা গভীর রাতে তাকে কুপিয়ে বিলের পানিতে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।
দর্শনা থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে বুধবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা উদঘাটনের জন্য মাঠে কাজ করছে পুলিশ।
