গাজীপুরের বিভিন্ন কারখানায় একযোগে হামলা-ভাঙচুরের চেষ্টা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:৫০

গাজীপুরের শ্রীপুরের কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ অভিযোগ উঠেছে। হামলা ভাঙচুরের হাত থেকে ছুটি ঘোষণা করা কারখানাগুলোও রেহাই পায়নি। পুলিশ বলছে, শ্রমিকের বেশে বহিরাগতরা এ হামলা করেছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলার শ্রীপুরের বিভিন্ন কারখানায় গেটে দলবদ্ধ হয়ে দুর্বৃত্তরা হামলা করে ও ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে শ্রীপুরে বৈরাগীরচালার এলাকার হ্যামস্ গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস, লাক্সমা ইনওয়্যার লিমিটেড, কেওয়া দক্ষিণ খন্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলে ক্রমানুসারে হামলা চালায়।

ফখরুদ্দিন টেক্সটাইল মিলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার কারখানা বন্ধ ছিল। সকাল থেকে হঠাৎ বেশ কয়েক যুবক কারখানার প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা তৈরি করে, এসময় গেটে ভাঙচুরের চেষ্টা করলে কারখানার নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা তা রুখে দেয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ফের হামলা চালায়, ব্যাপক ইট পাটকেল ঢিল ছুঁড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেয়। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুঁড়লে পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে একই সময় শ্রীপুর পৌরসভার হ্যামস্ গার্মেন্টস্ গেটে ও কারখানার ভেতরে ঢুকে ভাংচুর করে, ভিক্টোরিয়া গার্মেন্টস্ গেটে অবস্থান নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে ভেতরে ঢুকতে না পেরে তারা গেটে ভাঙচুর চালায়। অন্যদিকে পাশেই লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরে ঢুকে ভাঙচুর করে, নোমান হোম টেক্সটাইলের গেটে ভাঙচু্র করে। 

এ বিষয়ে হ্যামস্ গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের জিএম মাহফুজুর রহমান জানান, কারখানায় ভাঙচুর করা হয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানাবো। 

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, আজ (বুধবার) যারা বিশৃঙ্খলা তৈরি করছে তারা শ্রমিক না। কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার গেটে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালিয়েছে। আমাদের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল করছে।  

ইত্তেফাক/এপি