নড়াইলে বিএনপির দুই নেতা হ’ত্যা: ৬ দিন পর মামলা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৯:১৯

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা শাহিনুর মোল্যা ও সোহেল মোল্যা হত্যাকাণ্ডের ছয় দিন পর ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিহত সোহেল মোল্যার ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী। তবে মামলায় কাদের আসামি করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

জুয়েল মোল্যা উপজেলার বড়কালিয়া গ্রামের মৃত মোতালেব মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এতে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি অংশ নেয়। সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হকের গ্রামের বাড়ি বেন্দারচরের সড়কে পৌঁছালে সেখানে হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। 

হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান (৪২), পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্যা (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৩৫) আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহিনুর ও সোহেলের মৃত্যু হয়। 

নিহত সোহেল মোল্যা বড়কালিয়া গ্রামের মৃত মোতালেব মোল্যার ছেলে। অন্যদিকে শাহিনুর মোল্যা ছোটকালিয়া গ্রামের নিছার উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জোড়া হত্যাকাণ্ডের ঘটনার পর গত শুক্রবার নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর থেকে বেন্দারচর ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, বিএনপি নেতাদের হত্যার ঘটনায় এরই মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের দুই ছেলে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১)। তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

ইত্তেফাক/এমএসআর