অন্যের পরিচয়ে ৩৮ বছর চাকরি: অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে ১৩ বছরের কারাদণ্ড

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২২:৫৯

ভুয়া পরিচয় ব্যবহার করে তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি)-এ প্রায় ৩৮ বছর চাকরি ও সরকারি বেতন-ভাতা আত্মসাতের মামলায় অবসরপ্রাপ্ত এক সদস্যকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে চাকরিকালে উত্তোলিত সমুদয় বেতন-ভাতা সুদসহ সরকারি কোষাগারে ফেরত দিতে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আসল নাম মো. আকবর আলী, যিনি চাকরিজীবনে মো. জাহাঙ্গীর আলম পরিচয় ব্যবহার করেছিলেন এবং রাজশাহীর বিজিবির-১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সিপাহী। রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার নথি ও দুদকের তদন্ত সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জে বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য আবেদন করেছিলেন একই জেলার জাহাঙ্গীর আলম ও আকবর আলী। নিয়োগ পরীক্ষায় জাহাঙ্গীর আলম নির্বাচিত হলেও পারিবারিক কারণে চাকরিতে যোগ দেননি, আর আকবর আলী অযোগ্য বিবেচিত হন। পরবর্তীতে জাহাঙ্গীর আলমের অজান্তে তার নাম, বাবার নাম, ঠিকানা ও শিক্ষাগত সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ চাকরিতে যোগ দেন আকবর আলী এবং ২০২২ সালের ২৫ মে অবসর নেওয়া পর্যন্ত বেতন-ভাতা তুলে যান।

পরিচয় গোপন রাখতে তিনি ১৯৮৪ সালের বিয়ের কাবিননামায়ও ভুয়া নাম ব্যবহার করেন, চাকরির খতিয়ান বইয়ে জন্মতারিখ ও পিতার নাম বদলান এবং ১৯৮৭ সালে ভুয়া গ্রাম নদীতে বিলীন হওয়ার কথা দেখিয়ে স্থায়ী ঠিকানা পরিবর্তন করেন। এছাড়া নিজের নামে ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্রও তৈরি করেছিলেন বলে তদন্তে উঠে আসে।

দীর্ঘদিন পর প্রকৃত জাহাঙ্গীর আলম বিষয়টি জানতে পেরে লিখিত অভিযোগ করলে তদন্ত শুরু হয় এবং ২০২২ সালের ৭ জুন দুদক মামলা দায়ের করে। ২০২৪ সালের ১১ এপ্রিল অভিযোগপত্র দাখিলের পর ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির চারটি পৃথক ধারায় আকবর আলীকে মোট ১৩ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। নির্দেশনা অনুযায়ী, সাজাগুলো একটির পর অন্যটি কার্যকর হবে এবং গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে তা গণনা শুরু হবে।

ইত্তেফাক/এএম