কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২৩:৩৭

বগুড়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ আছে। এর ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতা-কর্মী বহিষ্কৃত এই নেতার সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মাহবুব আলম ওরফে শাহীন হত্যা মামলার প্রধান আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা কারাবন্দি আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাতের অভিযোগ উঠেছে মিজানুর রহমানের বিরুদ্ধে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসার পরপরই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম (বাদশা) বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিএনপি নেতা মাহবুব আলম হত্যা মামলার প্রধান আসামি কারাবন্দি আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বগুড়া জেলা বিএনপি থেকে প্রথমে তাকে কারণ দর্শাতে বলা হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট অভিযোগে বুধবার কেন্দ্রীয় বিএনপি থেকে তাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ২০১৯ সালের ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে শহরের উপশহর বাজারের দশতলা ভবন এলাকায় বিএনপি নেতা মাহবুব আলমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন মাহবুবের স্ত্রী। মামলায় বগুড়া পৌরসভার তৎকালীন প্যানেল মেয়র ও সদর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলামকে প্রধান আসামি করা হয়। ওই বছরের ২৩ এপ্রিল রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে।

ইত্তেফাক/এমএসআর