২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া সরকারি নথি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এই প্রতিবেদনে উঠে এসেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে যুদ্ধকে মাত্র কয়েক দিনের মধ্যে শেষ হবে বলে ধারণা করেছিলেন, তা প্রায় পাঁচ বছরে গড়ানোয় দেশটির মৃত্যুহারের ধরন আমূল বদলে গেছে এবং প্রাণহানির চড়া মূল্য দিতে হচ্ছে রাশিয়াকে।
বেলারুশের হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস বাই’ এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’-এর সাইবার হামলার পর ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর নথিতে প্রবেশাধিকার পায় বিবিসি রুশ বিভাগ।
রাশিয়ার পরিসংখ্যান সংস্থা সাইবার হামলার কথা স্বীকার করলেও কোনো সুরক্ষিত তথ্য ফাঁস হওয়ার বিষয়টি অস্বীকার করেছে মস্কো। অন্যদিকে, বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার একমাত্র কর্তৃপক্ষ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্য কোনো তথ্য বিবেচনায় না নেওয়ার পরামর্শ দেন তিনি। যদিও গত কয়েক বছর ধরে যুদ্ধক্ষেত্রে হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসি রুশ বিভাগ স্বাধীন রুশ সংবাদমাধ্যম ‘মিডিয়াজোনা’র সঙ্গে যৌথভাবে রসস্ট্যাটের তথ্যের সঙ্গে উন্মুক্ত সূত্র থেকে তৈরি নিশ্চিত নিহত সেনাদের তালিকা মিলিয়ে দেখেছে, যেখানে প্রায় ৯০ শতাংশ নথির সঙ্গে মিল পাওয়া গেছে।
সরকারি প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন স্মৃতিসৌধ ও কবরের তথ্য থেকে বিবিসির তৈরি তালিকায় ২ লাখ ৯০ হাজার ১২ জন সেনার মৃত্যুর তথ্য রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই তালিকায় প্রকৃত নিহতের ৪৫ থেকে ৫৫ শতাংশের তথ্য থাকতে পারে; সে হিসাবে রাশিয়ার প্রকৃত সামরিক মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ২৯৫ থেকে ৬ লাখ ৪৪ হাজার ৪৭১-এর মধ্যে হতে পারে।
নথি বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মোট মৃত্যুর ৬৫ শতাংশই ঘটেছে ইউক্রেন যুদ্ধে এবং ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ৫৯ শতাংশ। কেবল ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের ক্ষেত্রে যুদ্ধের চেয়ে হৃদরোগে মৃত্যুর হার বেশি ছিল। যুদ্ধের প্রথম বছর নিহত সেনাদের গড় বয়স ৩৪ বছর থাকলেও ২০২৫ সালে কারাবন্দি ও চুক্তিভিত্তিক সেনারা যুক্ত হওয়ায় গড় বয়স বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে। এ ছাড়া পূর্ব সাইবেরিয়ার দরিদ্র অঞ্চলগুলোর পুরুষরা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় যুদ্ধে ২০ থেকে ২৫ গুণ বেশি প্রাণ হারিয়েছেন।
ইউক্রেনের সুনির্দিষ্ট কিছু এলাকায় রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির চিত্রও নথিতে উঠে এসেছে। যুদ্ধের আগে মাত্র ১২ হাজার মানুষ বসবাস করতেন এমন ১০টি ইউক্রেনীয় গ্রাম দখল করতে গিয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। দোনেৎস্ক অঞ্চলের বাখমুতের দক্ষিণে আন্দ্রিভকা নামের একটি ছোট গ্রামে যুদ্ধের আগে ৭৪ জন বাসিন্দা থাকলেও সেটি দখলের লড়াইয়ে ১ হাজার ১২২ জন রুশ সেনা প্রাণ হারিয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে সামরিক ক্ষয়ক্ষতির কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি রাশিয়া। এমনকি দুই বছর আগে রসস্ট্যাটও বাহ্যিক কারণে মৃত্যুর তথ্য প্রকাশ বন্ধ করে দেয়। এসব তথ্য ব্যবহার করে সামরিক প্রাণহানির পরিমাণ অনুমান করা হতো।
উদাহরণ হিসেবে, পূর্ব ইউক্রেনের রুশ-অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের যেসব সেনা রুশ বাহিনীর হয়ে লড়েছেন, তাদের মৃত্যুর যে তথ্য বিবিসি শনাক্ত করেছে, তার মাত্র ৭০ শতাংশ রসস্ট্যাটের নথিতে পাওয়া গেছে। সামগ্রিকভাবে রসস্ট্যাটের তথ্য বিবিসি রুশ বিভাগের নিজস্ব হিসাবের সঙ্গে মিলে গেছে এবং প্রাণহানির প্রবণতাগুলোও নিশ্চিত করেছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে দেশটির প্রায় ৫০ হাজার সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন। তবে ‘ইউএ লসেস’ নামের একটি বেনামি ওয়েবসাইটের উন্মুক্ত সূত্রভিত্তিক তালিকায় ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৫২ জন বলে উল্লেখ করা হয়েছে।
প্রায় পাঁচ লাখের হিসাব যেভাবে
রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্যভান্ডারে নিহতদের নাম না থাকলেও বয়স, বাসস্থান, মৃত্যুর স্থান এবং মৃত্যুর পরিস্থিতি উল্লেখ রয়েছে। বিবিসি প্রথমে ইউক্রেন এবং ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশের শিকার রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোর মৃত্যুর নথি আলাদা করে। এরপর বিস্ফোরণ কিংবা সামরিক অভিযানের সময় গোলার আঘাতে মৃত্যুর মতো যুদ্ধসংশ্লিষ্ট কারণ স্পষ্টভাবে উল্লেখ থাকা ৪ লাখ ২৫ হাজার ১৭৪টি নথি শনাক্ত করা হয়।
বেসামরিক নাগরিকদের বাদ দিতে নারীদের পাশাপাশি ১৮ থেকে ৬৫ বছর বয়সসীমার বাইরে থাকা পুরুষ এবং রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের চার অঞ্চলের সাধারণ বাসিন্দাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তবে সামরিক বাহিনীতে কাজ করার তথ্য থাকলে তাদের রাখা হয়েছে। এর পাশাপাশি পেশাগত পরিচয় বিশ্লেষণ করে আরও ১৪ হাজার ৯৩টি এবং যুদ্ধক্ষেত্রে ছয় মাসের বেশি নিখোঁজ থাকার পর আদালতের রায়ে মৃত ঘোষিত ৫১ হাজার ৬৭ জন সেনার তথ্য গণনায় যুক্ত করা হয়েছে।
এ ক্ষেত্রেও বেসামরিক নাগরিকদের বাদ দিতে শুধু ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধক্ষেত্রের মৃত্যুর তথ্য গণনায় রাখা হয়েছে। বিবিসি রুশ বিভাগের বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধের প্রথম বছরে নিহত রুশ সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৫ সালে কারাগার থেকে নিয়োগ পাওয়া বন্দি এবং চুক্তিভিত্তিক সেনারা বাহিনীতে যোগ দেওয়ার পর সেই গড় বয়স বেড়ে ৪০ বছরে দাঁড়ায়। বিবিসির নিজস্ব তালিকায় এ গড় বয়স ৩৮ বছর।
রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর কয়েকটি থেকে যুদ্ধে নিহতের সংখ্যা তুলনামূলক অনেক বেশি। তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্কি ক্রাই অঞ্চলের পুরুষদের যুদ্ধে নিহত হওয়ার আশঙ্কা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি। বেশির ভাগ অঞ্চলে রসস্ট্যাটের তথ্যের ভিত্তিতে পাওয়া মৃত্যুর বণ্টন এবং বিবিসির নিজস্ব তালিকার মধ্যে পার্থক্য মাত্র কয়েক দশমিক শতাংশ।
নথি বিশ্লেষণ করে রাশিয়ার হয়ে লড়তে গিয়ে অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশি নাগরিকের মৃত্যুর তথ্যও পেয়েছে বিবিসি, যাঁদের মধ্যে ১ হাজার ৩১ জন উজবেক এবং ৭২০ জন তাজিক নাগরিক রয়েছেন। বেসামরিক নাগরিকদের অন্তর্ভুক্ত হওয়ার ঝুঁকি এড়াতে এ হিসাব থেকে ইউক্রেনীয়দের বাদ রাখা হয়েছে।
তবে দ্বৈত নাগরিকত্বধারীদের রুশ নাগরিক হিসেবে উল্লেখ করায় এবং ২০২৪ সালে রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিহত উত্তর কোরীয় সেনাদের তথ্য এই তথ্যভান্ডারে না থাকায় এটিকে ন্যূনতম হিসাব হিসেবে ধরা হচ্ছে। স্যাটেলাইট চিত্র এবং পিয়ংইয়ংয়ে নির্মিত নতুন স্মৃতিসৌধের সরকারি ছবি বিশ্লেষণ করে সেখানে নিহত ২ হাজার ৩০৪ জন উত্তর কোরীয় সেনাকে শনাক্ত করেছে বিবিসি।
চার বছর ১০ মাস ধরে চলা এই যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার প্রাণহানির সংখ্যা অনেক বেশি। ১৯৮৯ সালে শেষ হওয়া সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান যুদ্ধের সঙ্গে তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। আফগানিস্তানে ১০ বছর ধরে চলা ওই যুদ্ধে আনুমানিক ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হয়েছিলেন। আর বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন আনুমানিক ১০ লাখ।
