‘দ্য অস্ট্রেলিয়ান’-এর মানহানিকর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০০:৩৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির প্রভাবশালী সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে প্রতিবেদনটি অবিলম্বে প্রত্যাহার, সংশোধনী প্রকাশ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। 

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, দাবি মানা না হলে দলটি সব ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, যা কোনোভাবেই কাকতালীয় নয়। তার মতে, বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয়প্রতিপন্ন করার এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা।

প্রতিবেদনে মন্তব্য চাওয়া হলেও ডা. শফিকুর রহমান সাড়া দেননি—এমন দাবিকে সম্পূর্ণ অসত্য আখ্যা দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রতিবেদন প্রকাশের আগে জামায়াত আমিরের কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গী কারও সঙ্গেই কোনো যোগাযোগ করা হয়নি। বক্তব্য না নিয়েই ‘জবাব দেননি’ বলে উল্লেখ করা সাংবাদিকতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।

ফিলিস্তিন প্রসঙ্গে প্রতিবেদনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান বিশ্বের অসংখ্য সরকার ও জনগণের অবস্থান। একে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে চিত্রিত করা উদ্দেশ্যমূলক বিকৃতি। ডা. শফিকুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যে কোনো হামলার বিরোধী।

তিনি আরও বলেন, পুরো প্রতিবেদন দাঁড়িয়ে আছে একজন অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনের ওপর। জানা যায়, তিনি শেখ মুজিব ও তার পরিবারের গুণকীর্তনমূলক চলচ্চিত্র ‘বাবা’র রচয়িতা ও পরিচালক। পাঠকদের কাছে তার এই রাজনৈতিক পরিচয় গোপন রাখা হয়েছে। যারা ফ্যাসিবাদের অবসানে লড়াই করেছেন, তাদের ‘উগ্রবাদী’ বলে চরিত্রহনন পতিত স্বৈরাচারের পুরনো বয়ান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু সে স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয়। আমরা দাবি জানাচ্ছি, ‘দ্য অস্ট্রেলিয়ান’ অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার করুক, ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ করুক এবং প্রকাশ্যে সংশোধনী দিয়ে ক্ষমা চাক। অন্যথায় সব ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য হবো।

ইত্তেফাক/এমএসআর