প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৩:১৯

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

পদকপ্রাপ্তদের মধ্যে আটটি স্বর্ণপদক ও ১৫টি রৌপ্যপদক দেওয়া হয়। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে যারা জাতীয় প্রাণিসম্পদ পদক পেয়েছেন, তাদের আন্তরিক অভিনন্দন। এই অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি। দেশের লাখো উদ্যোক্তা, গবেষক এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য এই অর্জন অনুপ্রেরণার উৎস হবে বলে তিনি মনে করেন।

প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজ পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বিকল্প নেই। সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে।

অচিরেই প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 
ইত্তেফাক/এসএ