সিঙ্গাপুর এয়ারলাইনসে বিমানবালাকে যৌন হয়রানি ও পুলিশকে থুতু, বাংলাদেশির ৪ মাসের কারাদণ্ড

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৩:৫২

সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে এক বিমানবালাকে যৌন হয়রানির পর জামিনে মুক্ত হয়ে আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হন এক বাংলাদেশি। দ্বিতীয় ঘটনায় মাতাল অবস্থায় পুলিশের সঙ্গে অসদাচরণ এবং এক কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপ করেন তিনি। দুই ঘটনায় দোষ স্বীকার করায় তাকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত।

দণ্ডপ্রাপ্ত বাংলাদেশির নাম খন্দকার মো. ইয়ামিন (২৩)। গত সেপ্টেম্বরে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে মদ্যপ অবস্থায় এক বিমানবালাকে যৌন হয়রানি করেন তিনি। ফ্লাইটটি চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে ব্যক্তিগত বন্ডে মুক্তি পেলেও অক্টোবরে ফের পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

আদালতের নথি অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে বিমানে তিন গ্লাস ওয়াইন পান করে মাতাল হয়ে পড়েন ইয়ামিন। এ সময় নিজের আসনে বসে থাকা অবস্থায় ২৬ বছর বয়সী এক বিমানবালার স্পর্শকাতর স্থানে হাত দেন তিনি। কয়েক সেকেন্ড ধরে এ ঘটনা ঘটে বলে আদালতে জানান সহকারী সরকারি কৌঁসুলি ক্লারা লো।

এ ঘটনায় বিমানবালাটি আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে ইয়ামিনকে স্পর্শ করতে নিষেধ করেন। তবে জবাবে কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে হাসেন ইয়ামিন। পরে ওই বিমানবালা এক সহকর্মীকে বিষয়টি জানালে তিনি ইয়ামিনের মুখোমুখি হন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। ফ্লাইটটি চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয়।

পরে ব্যক্তিগত বন্ডে মুক্তি পান ইয়ামিন। তবে গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে মাতাল অবস্থায় পাওয়া যায়। এ সময় তিনি একটি শক্ত জায়গায় হেলান দিয়ে বসে কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন। তার নাক দিয়ে রক্ত ঝরছিল।

পুলিশ ও চিকিৎসাকর্মীরা তার রক্তচাপ মাপার চেষ্টা করলে তিনি সহযোগিতা করেননি। বরং মাটিতে শুয়ে এদিক-ওদিক ছটফট করতে থাকেন। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেট চেয়ে না পেয়ে আরও আক্রমণাত্মক আচরণ করেন তিনি। একপর্যায়ে এক পুলিশ সদস্য তার পা চেপে ধরে রাখলে ইয়ামিন ওই কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপ করেন।

দুই ঘটনায় বিমানবালাকে যৌন হয়রানি এবং সরকারি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগে দোষ স্বীকার করেন ইয়ামিন। গত ২৩ নভেম্বর সিঙ্গাপুরের আদালত তাকে চার মাসের কারাদণ্ড দেন।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

ইত্তেফাক/এসএ