কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল, সেভাবেই আবারও ফিরে আসার চেষ্টা করছে। তাদের বর্তমান তৎপরতা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া কিছু নয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সীমান্ত এলাকায় আওয়ামী লীগের চার নেতার গোপন বৈঠকের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এটি মূলত নিজেদের রাজনৈতিকভাবে আলোচনায় রাখার চেষ্টা। তিনি বিষয়টিকে ‘হালকা ব্লাফ পলিটিক্স’ হিসেবে উল্লেখ করেন।তিনি বলেন, ওই নেতাদের নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন বা রাজনৈতিক তৎপরতা দেখা যায়নি। দলের ভেতরে নিজেদের গুরুত্ব ধরে রাখতেই তারা সীমান্ত এলাকায় গেছেন।
শেখ হাসিনার দেশে ফেরা ও বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। কোনো অগ্রহণযোগ্য দাবি বা অনুরোধ সরকার বিবেচনা করবে এমন ধারণা অবাস্তব।
শেখ হাসিনা বর্তমানে ভারতে কোন ব্যবস্থায় অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে নিশ্চিত তথ্য নেই বলেও জানান তিনি। তবে ভারতের মাটিতে থেকে বাংলাদেশে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি আলোচনার দাবি রাখে বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং আদালতের রায়ও হয়েছে। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরত চেয়েছে বাংলাদেশ। সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ফিরিয়ে আনতে আগ্রহী। তবে দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
আওয়ামী লীগের নেতাদের সাম্প্রতিক তৎপরতা নিয়ে সমালোচনা করে আন্দালিভ রহমান বলেন, একদিকে শেখ হাসিনার জন্য বিমান পাঠানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের নেতারা সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের আগে নিজেদের অবস্থান ও মানসিকতা পর্যালোচনা করা উচিত।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তা আওয়ামী লীগের পছন্দ হচ্ছে না। গুম-খুন বন্ধ হওয়া, দেশের অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মতো বিষয়গুলো থেকে মানুষের দৃষ্টি সরিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে দলটি।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রীর মতে, এ দেশে হিন্দু ও মুসলমান দীর্ঘদিন ধরে পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির বিষয়টি ব্যবহার করছে।
ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করে আন্দালিভ রহমান বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির পেছনে দেশটির কূটনৈতিক নীতির দুর্বলতা রয়েছে। এর প্রভাব বাংলাদেশ-ভারত সম্পর্কেও পড়ছে। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এবং দেশটির কিছু গণমাধ্যমের এমন কর্মকাণ্ডকে সমর্থন করার বিষয়টিও তিনি ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।
বিশ্বব্যাপী ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা নিয়েও উদ্বেগ জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বর্তমানে বিশ্বজুড়ে গুরুতর সমস্যায় পরিণত হয়েছে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে কাজ করছেন। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার কোনো গণমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না।
