ফরিদপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৬:০৬

ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী যুবক সুমন হাওলাদারকে (২৪) সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় আসামিকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের জাকির হাওলাদারের ছেলে।

মামলার এজাহার, অভিযোগপত্র ও আদালত সংশ্লিষ্ট নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। একই গ্রামের বাসিন্দা হওয়ায় সুমন হাওলাদারের সঙ্গে শিশুটির পরিবারের প্রতিবেশী সুলভ পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন অজুহাতে তাদের বাড়িতে যাতায়াত করতেন তিনি।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৬ জুন বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে শিশুটির মা ইউনিয়ন পরিষদে গেলে বাড়িতে একা ছিল লামিয়া। এ সুযোগে সুমন তাদের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে শিশুটিকে বেঁধে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির মা বাড়িতে ফিরে মেয়ের কান্নার শব্দ শুনে ঘরের বারান্দায় যান। মায়ের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সুমন খাটের নিচে লুকিয়ে পড়েন। পরে তাকে খাটের নিচ থেকে বের হয়ে আসতে বললে দ্রুত ঘর থেকে বেরিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় পরদিন শিশুটির মা শিউলি আক্তার বাদি হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাকিব হোসেন ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন। পরে সুমন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সুমন হাওলাদার কে ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা দায়ে আসামি সুমন হাওলাদারকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এপি