নামাজ শেষে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে হত্যা: ৬ আসামির যাবজ্জীবন জেল

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৬:৫৯

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেবকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত থাকলেও দুই আসামি পলাতক ছিলেন।

দণ্ডিতরা হলেন- ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। রায় ঘোষণার সময় দুই আসামি পলাতক ছিলেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

এদিকে মামলার বরাতে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম মাসুম বলেন, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৩১ অগাস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মো. মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী মাকছুদা।

পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

এ বিষয়ে নজরুল ইসলাম মাসুম বলেন, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় নবী নামের একজনকে খালাস দেওয়া হয়েছে।

তবে আদালতের এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা। তিনি জানান, এ রায়ে তারা সন্তুষ্ট নন। ন্যায়বিচার নিশ্চিত করতে উচ্চ আদালতে আপিল করবেন।

 

ইত্তেফাক/এনটিএম