২০২৭ সালে স্বর্ণের দাম বাড়তে পারে, জানিয়েছে রয়টার্স 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৭:০৫

বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের পর আগামী বছর ঘুরে দাঁড়াতে পারে স্বর্ণের বাজার। ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমানো হলেও ২০২৭ সালের পূর্বাভাস বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

গণমাধ্যমটি তিন সপ্তাহে ৩০ জন বিশ্লেষক ও ট্রেডারের অংশগ্রহণে জরিপ চালায়। এতে ২০২৭ সালে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের গড় দাম ৪ হাজার ৬৫০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগের জরিপে এই পরিমাণ ছিল ৪ হাজার ৬১০ ডলার।

অন্যদিকে, ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমিয়ে ৪ হাজার ৪৯৫ ডলার করা হয়েছে। তিন মাস আগে এই পূর্বাভাস ছিল ৪ হাজার ৫০৯ ডলার। উচ্চ ট্রেজারি বন্ডের মুনাফা, শক্তিশালী মার্কিন ডলার এবং দীর্ঘ সময় সুদের হার বেশি থাকার প্রত্যাশাকে এর কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯৫ ডলার প্রতি আউন্সে উঠেছিল। তবে ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ও মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বেড়ে যাওয়া এবং ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবে স্বর্ণের বাজারে বড় ধরনের পতন ঘটে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ডলারের কাছাকাছি।

তবে আগামী কয়েক মাসে স্বর্ণের দাম স্থিতিশীল হয়ে আবার বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষক সুকি কুপার বলেন, বাজারের মনোযোগ ডলারের ওপর নির্ভরতা কমানো এবং মুদ্রার ক্রয়ক্ষমতা কমে যাওয়ার দিকে সরে গেলে স্বর্ণের দাম পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে।

 
ইত্তেফাক/আরএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন