মুক্তির আগেই ভারতে বিতর্কের মুখে পড়েছে নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায়ঁ সাং সামেত লো’। পাকিস্তানি এই সিরিজের প্রদর্শন ঠেকাতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। সিরিজটির মুক্তি ও সম্প্রচার বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করে চিঠি দিয়েছে সংগঠনটি।
পাকিস্তানের এই সিরিজটি আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে। এর আগে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) নেটফ্লিক্সকে চিঠি দিয়ে সিরিজটি ভারতের তালিকা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। এবার একই দাবিতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলো এফডব্লিউআইসিই।
এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, পাকিস্তানি শিল্পী ও প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের পেশাগত ও বাণিজ্যিক সহযোগিতার বিরোধিতা করে তাদের অবস্থান আগের মতোই রয়েছে। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৮ মে জারি করা একটি নির্দেশনার কথাও স্মরণ করিয়ে দিয়েছে তারা। ওই নির্দেশনায় ভারতে কার্যক্রম পরিচালনাকারী ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং সেবা ও ডিজিটাল মাধ্যমগুলোকে পাকিস্তানি উৎসের ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্টসহ বিভিন্ন ধরনের কনটেন্ট প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
এফডব্লিউআইসিইর দাবি, জাতীয় নিরাপত্তা ও তৎকালীন পরিস্থিতি বিবেচনায় ওই নির্দেশনা দেওয়া হয়েছিল। তাই সরকারের নির্দেশনা মেনে চলার জন্য ভারতের বিনোদনশিল্পের সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এর আগে এআইসিডব্লিউএও নেটফ্লিক্সকে সিরিজটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছিল। তাদের দাবি না মানলে নেটফ্লিক্সের কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসূচি এবং দেশজুড়ে বয়কটের প্রচার চালানোর কথা জানিয়েছে সংগঠনটি।
এআইসিডব্লিউএ সিরিজটিতে পাকিস্তানি অভিনেতা হামজা আলী আব্বাসিকে যুক্ত করার বিষয়েও আপত্তি জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, অতীতে হামজা আলী আব্বাসি নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের সমর্থনে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন। জাতিসংঘও হাফিজ সাঈদকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সংগঠনটি।
এ ছাড়া সিরিজটি ভারতে মুক্তি পেলে দর্শকদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বাতিল করার আহ্বান জানিয়েছে এআইসিডব্লিউএ। পাকিস্তানি চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান, শিল্পী ও বিনোদনমূলক কনটেন্ট ভারতের প্ল্যাটফর্মে প্রচার বন্ধে স্থায়ী আইনি বিধান প্রণয়নের দাবিও তুলেছে তারা।
সূত্র: এনডিটিভি
