লাহোর কালান্দার্সের প্রধান কোচ হলেন শন টেইট

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৭:৩৯

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে লাহোর কালান্দার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে টেইটের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে ২০২৬ সালে গ্লোবাল সুপার লিগে লাহোরের কোচ হিসেবে কাজ করেছিলেন টেইট। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

Shaun Tait keeps an eye on Pakistan's warm-up, England vs Pakistan, T20 World Cup final, Melbourne, November 13, 2022

লাহোর কালান্দার্সে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত টেইট। তিনি বলেন, ‘লাহোর কালান্দার্সের প্রধান কোচ হতে পেরে আমি আনন্দিত। গায়ানায় দলের সঙ্গে কাজ করার সময় বুঝেছি, সামিন ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার কাজের দর্শনের মিল রয়েছে। পাকিস্তানের অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি, তাই এখানকার পরিবেশ ও খেলোয়াড়দের সম্পর্কেও আমার ভালো ধারণা আছে।’

টেইটের দায়িত্ব শুধু পিএসএলেই সীমাবদ্ধ থাকবে না। ফ্র্যাঞ্চাইজিটির পেসারদের উন্নয়নেও কাজ করবেন তিনি। পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংসের কোচিং স্টাফেও ছিলেন তিনি।

আগামী ১৮ মার্চ থেকে ২ মে ২০২৭ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা পিএসএলের ১২তম আসর। এবার আটটি ফ্র্যাঞ্চাইজি শিরোপার লড়াইয়ে অংশ নেবে।

ইত্তেফাক/জেডএইচ