বাদল তার মায়ের কাছে ফিরেছে, এটাই বড় আনন্দের: কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:২৯

নামের মিলের কারণে ১৮ বছর ধরে কারাগারে মোংলার বাদল ফরাজী। ২০০৮ সালে তাজমহল দেখতে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে ভারতে গিয়ে দিল্লির এক খুনের মামলায় যাবজ্জীবন সাজা পান তিনি। ২০১৮ সালে বন্দী বিনিময় চুক্তিতে দেশে ফিরলেও মুক্তি মেলেনি। তাঁর জীবন নিয়ে উপন্যাস ‘বাদলের কারাবাস’ বেরিয়েছে প্রথমা প্রকাশন থেকে; লিখেছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। বই লেখা থেকে শুরু করে মানববন্ধন—বাদলের মুক্তির দাবিতে তিনি নেমেছেন রাস্তায়। সম্প্রতি বাদলের চার সপ্তাহের প্যারোল মঞ্জুর হয়েছে। এই প্রেক্ষাপটে তাঁর সঙ্গে কথা বলেছে ইত্তেফাক অনলাইন।

প্রশ্ন: বাদল ফরাজীর চার সপ্তাহের প্যারোল মঞ্জুর হয়েছে। খবরটা শুনে প্রথম কী মনে হয়েছিল?

রাহিতুল ইসলাম: আনন্দ হয়েছে, এটা অস্বীকার করব না। কিন্তু বুকের ভেতর পুরো স্বস্তি আসেনি। আঠারো বছর পর একজন মানুষ কারাগারের দেয়াল পেরিয়ে বাইরে আসবেন, তা-ও মাত্র চার সপ্তাহের জন্য। এর মধ্যে তাঁর বাবা চলে গেছেন, ছেলের এই সাময়িক মুক্তিটুকুও দেখে যেতে পারেননি। মা এখন শয্যাশায়ী, হাঁটতে পারেন না। তাঁর বোন ১৮ বছর ধরে ঘুরছেন শুধুমাত্র বাদলকে মুক্ত করার জন্য। আমি শুধু চেয়েছি বাদল মুক্তি পাক, তাঁর মায়ের কাছে ফিরুক। প্যারোল সেই পথের প্রথম ধাপ মাত্র, শেষ নয়।

প্রশ্ন: যাঁরা ঘটনাটি জানেন না, তাঁদের জন্য সংক্ষেপে বলবেন, বাদলের সঙ্গে আসলে কী ঘটেছিল?

রাহিতুল ইসলাম: ২০০৮ সালের ১৩ জুলাই মোংলার কিশোর বাদল ফরাজী বৈধ পাসপোর্ট আর ভিসা নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। তাঁর শখ ছিল তাজমহল দেখবেন। হরিদাসপুর দিয়ে ঢোকার পরপরই বিএসএফ তাঁকে আটক করে। দিল্লি পুলিশ তখন অমর কলোনিতে এক প্রবীণ নারী খুনের মামলায় ‘বাদল সিং’ নামের একজনকে খুঁজছিল। সেই খুন হয়েছিল ২০০৮ সালের ৬ মে, মানে বাদল ভারতে পা রাখার দুই মাসেরও বেশি আগে। অথচ নামের মিলের কারণে ধরা পড়লেন বাংলাদেশের বাদল ফরাজী। ভাষা জানতেন না, নিজের কথা বোঝাতে পারেননি। শেষ পর্যন্ত যাবজ্জীবন সাজা হলো। আপিলেও রায় বদলায়নি।

প্রশ্ন: যে ঘটনার সময় তিনি ভারতেই ছিলেন না, তার জন্য সাজা—এটা কীভাবে সম্ভব হলো?

রাহিতুল ইসলাম: এই প্রশ্নটাই আমাকে উপন্যাস লিখতে বাধ্য করেছে। তাঁর পাসপোর্টে প্রবেশের তারিখ ছিল, সীমান্তের নথি ছিল। তবু একজন বিদেশি, গরিব, ভাষা না জানা কিশোরের পক্ষে কেউ দাঁড়ায়নি। প্রতিটি স্তরে কেউ একটু মনোযোগ দিলে হয়তো এমন হতো না। এটা একজন বাদলের ব্যর্থতা নয়, বিচারব্যবস্থার অসংগতি।

প্রশ্ন: ২০১৮ সালে তো তিনি দেশে ফিরেছিলেন। তারপরও মুক্তি মিলল না কেন?

রাহিতুল ইসলাম: দিল্লির সমাজকর্মী রাহুল কাপুর তিহার জেলে কাজ করতে গিয়ে বাদলের কথা জানতে পারেন। তিনি ‘জাস্টিস ফর বাদল’ নামে প্রচার শুরু করেন, বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ২০১৮ সালের ৬ জুলাই সাজাপ্রাপ্ত বন্দী হস্তান্তর চুক্তির আওতায় বাদলকে দেশে আনা হয়। পরিবার ভেবেছিল, দেশে ফিরলেই ছেলে ঘরে ফিরবে। কিন্তু চুক্তি অনুযায়ী তাঁকে বাকি সাজা দেশের কারাগারে খাটতে হবে, এই যুক্তিতে সোজা পাঠানো হলো কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর তাঁকে নেওয়া হয় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। মানে, বিদেশের কারাগার থেকে ফিরে তিনি নিজের দেশের কারাগারেই বন্দী হলেন।

প্রশ্ন: আপনি বাদলের গল্পের কথা প্রথম কীভাবে জানলেন, আর কেন উপন্যাস লেখার সিদ্ধান্ত নিলেন?

রাহিতুল ইসলাম: বাদল ফরাজীকে প্রথম আবিষ্কার করেন সাংবাদিক মিজানুর রহমান সোহেল। তিনি কারাগার থেকে বাদলের জীবনের নানান বাঁক, ভুল মামলায় কারাগারে তার দুর্বিসহ জীবনের ছোট ছোট অনেক গল্প, তথ্য-পরিসংখ্যান ইত্যাদি আমাকে জানান; তারপর আমি তাঁর পরিবারের সঙ্গে কথা বলি। সাংবাদিক হিসেবে আমি অনেক অন্যায়ের খবর দেখি, কিন্তু বাদলের ঘটনা আমাকে ছাড়েনি। আমার মনে হয়েছে, সংবাদ এক দিনের, পরদিন মানুষ ভুলে যায়। কিন্তু একটি উপন্যাস মানুষের মনে থেকে যায়। আমি চেয়েছি বাদলের জীবনের সত্যটা মানুষের কাছে পৌঁছাক। আমি বিশ্বাস করি, যে সাহিত্য মানুষের কল্যাণে আসে না, মানুষের পাশে দাঁড়াতে পারে না, সে সাহিত্য লিখে কোনো লাভ নেই। এ ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি ঋণী সাংবাদিক রোজিনা ইসলামের কাছে। প্রথম আলোয় তিনিই প্রথম বাদল ফরাজীকে নিয়ে ধারাবাহিকভাবে লিখেছেন। উপন্যাস লেখার আগে সবচেয়ে বেশি তথ্য প্রথম আলোর এই ধারাবাহিক প্রতিবেদন আমাকে সাহায্য করেছেন। আমি বলব, আজ মানুষ যে বাদল ফরাজীকে চেনে, সেই বাদল অনেকটাই রোজিনা ইসলামের সৃষ্টি। তিনি যদি বাদলের কথা তুলে না ধরতেন, তাহলে হয়তো বাদলের গল্পটা অসম্পূর্ণই থেকে যেত, কারাগারের দেয়ালের ভেতরেই চাপা পড়ে থাকত।

প্রশ্ন: ‘বাদলের কারাবাস’ লিখতে গিয়ে কোন অভিজ্ঞতা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে?

রাহিতুল ইসলাম: উপন্যাস লিখতে গিয়ে তাঁর জীবনের প্রতিটি অন্ধকার অধ্যায়ের ভেতর দিয়ে হেঁটেছি। সবচেয়ে বিস্মিত হয়েছি তাঁর মনের জোর দেখে। তিহার জেলের চার দেয়ালের ভেতরে বসে এই মানুষটি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক আর স্নাতক পাস করেছেন। যাঁর জীবন থেকে কৈশোর আর তারুণ্য কেড়ে নেওয়া হয়েছে, তিনি হাল ছাড়েননি। আমি বারবার থমকে গেছি। প্রতিটি অক্ষরের পেছনে একটা গল্প থাকে, আর প্রতিটি গল্পের পেছনে থাকে একটা দহন। ‘বাদলের কারাবাস’ বইটি নিছক কোনো গল্প নয়; এটি আমার এক নীরব যুদ্ধের ইশতেহার। এই বইটা লেখার পেছনে কোনো যান্ত্রিক কারণ নেই, আছে কেবল একজন মা আর একজন বোনের চোখের জল। গত ১৮ বছর ধরে বাদলের বড় বোন আকলিমা বেগম যেভাবে ছুটেছেন, এমন কোনো সরকারি দপ্তর নেই যে ঘোরেননি, কিন্তু ফলাফল শূন্য। আমি দেখেছি সেই চোখের পানির ওজন কতখানি। সেই অশ্রুবিন্দুগুলোই আমাকে বাধ্য করেছে কলম ধরতে। আমি আজ এক যুদ্ধে নেমেছি, এক নির্দোষ ব্যক্তিকে মুক্ত করার যুদ্ধ, সত্যকে প্রতিষ্ঠিত করার যুদ্ধ। আমি প্রতিজ্ঞাবদ্ধ, যত দিন না সেই কাঙ্ক্ষিত মুক্তি আসছে, আমার কলম থামবে না।

প্রশ্ন: এটি সত্য ঘটনা অবলম্বনে উপন্যাস। কোথায় সত্য আর কোথায় কল্পনা—এই ভারসাম্য কীভাবে রেখেছেন?

রাহিতুল ইসলাম: ঘটনার কাঠামো, তারিখ, কারাগার, মামলা—এসব সত্য। উপন্যাসের কাজ হলো সেই তথ্যের ভেতরের মানুষটাকে দেখানো: একজন কিশোরের ভয়, একা থাকার যন্ত্রণা, মায়ের অপেক্ষা। তথ্য দিয়ে মানুষ জানে, কিন্তু গল্প দিয়ে অনুভব করে। আমি চেয়েছি পাঠক বাদলকে অনুভব করুক।

প্রশ্ন: বই প্রকাশের পর আপনি মানববন্ধনেও দাঁড়িয়েছেন। লেখক থেকে আন্দোলনকারী হয়ে উঠলেন কেন?

রাহিতুল ইসলাম: বই লেখা শেষ করে আমি চুপ করে বসে থাকতে পারিনি। একজন মানুষ শুধু নামের মিলের কারণে ১৮ বছর কারাগারে—এর চেয়ে অমানবিক আর কিছু হতে পারে না। ‘বাংলাদেশের সর্বস্তরের মানুষ’-এর ব্যানারে মানববন্ধন হয়েছে, বাদলের বড় বোন আকলিমা আক্তারও সেখানে ছিলেন। আমাদের প্রশ্ন ছিল সোজা: ভুল বিচারে ১৮ বছর, ভারত থেকে বাংলাদেশ, বাদল কবে মুক্তি পাবেন? এগিয়ে আসলেন প্রচেষ্টা ফাউন্ডেশনের পাভেল বাবু। শুরু হলো আমাদের মুক্তির দাবি।

প্রশ্ন: আইনগতভাবে বাদলের স্থায়ী মুক্তির পথ কী?

রাহিতুল ইসলাম: আমি আইনজীবী নই। তবে আইনজ্ঞরা বলছেন, বাংলাদেশ বা ভারত সরকার এটা আলোচনা করে সহজেই সমাধান করতে পারে। আইন ও সালিশ কেন্দ্র ২০১৯ সালে হাইকোর্টে রিটও করেছিল। আমার কথা হলো, পথ আছে, দরকার শুধু সদিচ্ছা। দুই দেশের সরকারের কাছে অনুরোধ, মানবিক দিক বিবেচনা করে বাদলের বিষয়টি দ্রুত ও স্থায়ীভাবে নিষ্পত্তি করুন।

প্রশ্ন: প্যারোলের এই চার সপ্তাহ বাদলের জন্য কেমন হবে বলে মনে করেন?

রাহিতুল ইসলাম: একজন মা আঠারো বছর পর ছেলেকে কাছে পাবেন, শুধু চার সপ্তাহের জন্য। ভাবতেই বুকটা ভারী হয়ে আসে। বাদল বাবার কবরের পাশে দাঁড়াবেন, যে বাবা অপেক্ষা করতে করতে চলে গেছেন। এই চার সপ্তাহ আনন্দের, কিন্তু চার সপ্তাহ পর আবার কারাগারে ফেরার ভয়ও সঙ্গে থাকবে। সাথে আরেকটা ভয় আছে—বাদল ফরাজী গরিব ঘরের সন্তান; শুনেছি তাঁর পাহারায় ১০ জন পুলিশ থাকবে, তাঁদেরও দায়িত্ব নিতে হবে। এই জিনিসটা কষ্টকর হবে। আমার অনুরোধ থাকবে, এমনটা যাতে না হয়।

প্রশ্ন: বাদল যে ১৮ বছর হারালেন, তার কি কোনো ক্ষতিপূরণ সম্ভব?

রাহিতুল ইসলাম: না। নামের ভুলে কেড়ে নেওয়া ১৮টি বছরের কোনো ক্ষতিপূরণ হয় না। কৈশোর ফেরত দেওয়া যায় না, বাবার সঙ্গে শেষ দেখা ফেরত দেওয়া যায় না। তবু রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বাদলের স্থায়ী ও নিঃশর্ত মুক্তি নিশ্চিত করা এবং তাঁর পুনর্বাসনের ব্যবস্থা করা। আর ভবিষ্যতে যেন আর কোনো বাদল এভাবে হারিয়ে না যান, সেই ব্যবস্থাও দরকার।

প্রশ্ন: পাঠকদের কাছে আপনার কী চাওয়া?

রাহিতুল ইসলাম: বইটা পড়ুন, বাদলের কথা ছড়িয়ে দিন। একটি কণ্ঠ দুর্বল, হাজার কণ্ঠ একসঙ্গে উঠলে রাষ্ট্র শুনতে বাধ্য। আমার একটাই চাওয়া—ঘরে ফিরুক নির্দোষ বাদল, চিরদিনের জন্য।

ইত্তেফাক অনলাইন: আপনাকে ধন্যবাদ।

রাহিতুল ইসলাম: ইত্তেফাক অনলাইনকেও ধন্যবাদ।

ইত্তেফাক/আরআর