‘কচলাকচলি’ শব্দ নিয়ে আপত্তি, চিকিৎসককে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছনার চেষ্টা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৭

মেহেরপুর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এক চিকিৎসককে গালাগালের পাশাপাশি তাকে শারীরিকভাবে লাঞ্ছিতের চেষ্টার অভিযোগ উঠেছে জেলা বিএনপির এক নেতার ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের এ ঘটনা ঘটে।

জানা যায়, ভুক্তভোগী চিকিৎসকের নাম মাহাবুবুর রহমান। তিনি হাসপাতালটির আইসিইউ বিভাগে কর্মরত। ওই চিকিৎসককে গালাগাল ও লাঞ্ছিত করা ব্যক্তির নাম রকিবুল হাসান। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানের ছোট ভাই।

চিকিৎসক মাহাবুবুর রহমান জানান, আজ সকালে পুরুষ ওয়ার্ডের কেবিনে ভর্তি থাকা এক রোগীর জন্য আইসিইউতে একটি শয্যার ব্যবস্থা করতে বারবার অনুরোধ করেন রকিবুল হাসান। কিন্তু আইসিইউতে কোনো শয্যা খালি ছিল না। এ অবস্থায় অন্য একজন রোগীকে অন্য বিভাগে স্থানান্তর করে ওই রোগীকে শয্যা দেওয়ার প্রস্তাব দেন রকিবুল। কিন্তু এভাবে শয্যা খালি করে দেওয়া সম্ভব নয় বলে তাকে জানিয়ে দেওয়া হয়।

মাহাবুবুর রহমান উল্লেখ করেন, বারবার একই অনুরোধে বিরক্ত হয়ে তিনি রকিবুলকে ‘কচলাকচলি’ না করতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে রকিবুল অকথ্য ভাষায় তাকে গালাগাল শুরু করেন এবং একপর্যায়ে মারার জন্য তেড়ে আসেন। আইসিইউর দরজা পেরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে ফটক বন্ধ করে দেন উপস্থিত লোকজন।

এ ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে চিকিৎসাসেবা ব্যাহত হয়।

এদিকে এ অভিযোগের বিষয়ে রকিবুল হাসান শয্যার জন্য চিকিৎসককে অনুরোধ এবং গালাগাল করার কথা স্বীকার করেন। 

তিনি জানান, চিকিৎসকের মুখে ‘কচলাকচলি’ শব্দটি শুনে তিনি আপত্তি জানান এবং উত্তেজিত হয়ে পড়েন। 

পাশাপাশি গালাগালের বিষয়টি স্বীকার করলেও চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন রকিবুল।

এদিকে রকিবুলের মানসিক সমস্যা আছে জানিয়েছে তার ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘আমার ছোট ভাই রিপনের মানসিক অবস্থা ভালো নেই, তার চিকিৎসা চলছে।’

বিষয়টি নিয়ে আমরা লজ্জিত বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বিষয়টি খতিয়ে দেখা হবে উল্লেখ করে মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নাসিম আখতার বলেন, চিকিৎসককে মারধর করতে তেড়ে আসা ও গালাগাল করার মতো ঘটনা হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবায় ব্যঘাত ঘটায়। এতে চিকিৎসকেরা ভীত হয়ে পড়েন। 

পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

 

ইত্তেফাক/এনটিএম