সাংবাদিকতায় মানসিক চাপ ও ট্রমা মোকাবিলার পাশাপাশি কর্মক্ষেত্রে নারী সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে ‘ম্যানেজিং স্ট্রেস অ্যান্ড ট্রমা ইন জার্নালিজম’ বা ‘সাংবাদিকতায় মানসিক চাপ ও ট্রমা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।
সুইডেনের লিনিয়াস ইউনিভার্সিটির ফোজো মিডিয়া ইনস্টিটিউট এবং ইউরোপীয় ইউনিয়নের এজাইল প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমের পঞ্চম সেশনে সাংবাদিকতায় মানসিক চাপ ও ট্রমা মোকাবিলার পাশাপাশি কর্মক্ষেত্রে নারী সাংবাদিকদের কাজের নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
সেশনে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন, এমএইচপিএসএস বিশেষজ্ঞ এবং লিভিং উইথ ওয়েলনেস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিস মাহমুদা এবং নারীদের কর্মক্ষেত্রে নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন ইত্তেফাক ডিজিটালের সিনিয়র সাব-এডিটর আফসারা তাসনিম নাজ।
প্রথম অতিথি মাহমুদা তার আলোচনায় মানসিক চাপ নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতিতে শ্বাস-প্রশ্বাসের অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানসিক চাপ বা অস্বস্তিকর পরিস্থিতিতে নির্দিষ্ট শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানুষকে শান্ত হতে সহায়তা করতে পারে। একজন সাংবাদিকের কোনো সংবেদনশীল বা বিপর্যয়কর ঘটনা কাভার করার আগে, ঘটনার সময় এবং পরে কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সে বিষয়েও আলোচনা করেন তিনি।
সেশনে একটি ভূমিকাভিনয়ের মাধ্যমে কারখানায় অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া এক নারীর সাক্ষাৎকার নেওয়ার অনুশীলন করা হয়। এর মাধ্যমে ট্রমার শিকার ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে সাংবাদিকের প্রস্তুতি, আচরণ ও সংবেদনশীলতার বিষয়গুলো তুলে ধরা হয়।
এ ছাড়া ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা নির্ধারণের গুরুত্ব তুলে ধরেন মাহমুদা। তার মতে, পরিবার, বন্ধু কিংবা ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিজের সীমাবদ্ধতা এবং কোন বিষয়ে কী করা উচিত, সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এতে সম্পর্ক আরও সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হতে পারে।
অন্যদিকে, দ্বিতীয় অতিথি আফসারা নাজ নারীর দৃষ্টিকোণ থেকে ট্রমা ও মানসিক বিপর্যয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, নারীরা জীবনের বিভিন্ন পর্যায়ে নানা ধরনের মানসিক চাপ ও বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এসব অভিজ্ঞতার প্রভাবে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, মানসিক অস্বস্তি এবং আবেগীয় অসাড়তার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
কর্মক্ষেত্রে নারীদের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অনেক নারী কর্মী ও সাংবাদিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে অবমূল্যায়ন ও উপেক্ষার শিকার হন। তাদের কাজ ও অবদান যথাযথ স্বীকৃতি পায় না। কখনো কখনো ইচ্ছাকৃতভাবে কথা না বলা বা উপেক্ষা করার মতো আচরণও করা হয়, যা ‘সাইলেন্ট ট্রিটমেন্ট’ হিসেবে পরিচিত।
গণমাধ্যমে নারী সাংবাদিকদের অংশগ্রহণ ও পারিশ্রমিকের বৈষম্য নিয়েও কথা বলেন আফসারা নাজ। তিনি উল্লেখ করেন, গণমাধ্যমে নারী সাংবাদিকদের অংশগ্রহণ বাড়ানোর প্রত্যাশা থাকলেও তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার ক্ষেত্রে অনীহা দেখা যায়। এ ধরনের বৈপরীত্য নারী সাংবাদিকদের পেশাগত অবস্থান ও কর্মক্ষেত্রের বাস্তবতাকে সামনে নিয়ে আসে।
উল্লেখ্য, সাংবাদিকতা পেশায় মানসিক চাপ ও ট্রমা মোকাবিলার দক্ষতা তৈরি এবং সাংবাদিকদের মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
