পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন নরসিংদীর পাঁচ যুবক। ভুক্তভোগীদের অভিযোগ, পাসপোর্ট আটকে রেখে তাদের কাছ থেকে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর জোর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে আসার সময় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ওই ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক পাঁচ যুবক হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিমনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬) ও কামাল উদ্দিন (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭) এবং আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮)। অটোরিকশাচালক হলেন পরশুরাম পৌরসভার খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে বেলাল হোসেন (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই পাঁচ যুবক। পরে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সুবর বাজার সড়ক দিয়ে পরশুরামের দিকে যাচ্ছিলেন। সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের বহনকারী অটোরিকশাটি থামানোর সংকেত দেন। তবে চালক অটোরিকশা না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে পরশুরাম উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়। এরপর তাদের পরশুরাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন ও সদস্যসচিব কামরুল হাসানের নেতৃত্বে সংগঠনটির নেতা-কর্মীরা তাদের আটক করেন। পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশে ফেরাকে কেন্দ্র করে পরশুরাম সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারির পর বিজিবি-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সীমান্ত এলাকায় নিয়মিত পাহারা বসিয়েছেন। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন তারা।
আটক পাঁচ যুবকের দাবি, ১৪ নভেম্বর তারা আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন। তাদের উদ্দেশ্য ছিল পর্তুগালের ভিসা সংগ্রহ করা। ভারতে যাওয়ার পর তারা একটি দালাল চক্রের খপ্পরে পড়েন। ওই চক্র তাদের পাসপোর্ট আটকে রেখে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে ভারতের জয়ন্তীনগর, বীরচন্দ্রনগর ও মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে তাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট দালাল চক্রের বিরুদ্ধে মামলা করবেন তারা। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এসব তথ্য জানিয়েছেন। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিরা বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের পরিচয় ও তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগের বিষয়টিও যাচাই করা হচ্ছে।’
ওসি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের একজন বাদী হয়ে মানব পাচার চক্রের সদস্য ও দালালদের বিরুদ্ধে থানায় মামলা করবেন। অন্যরা ওই মামলায় সাক্ষী থাকবেন। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। সেখানে জবানবন্দি দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
