আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে নজরদারি, এসপিসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। একই সময়ে বাহিনীর ভেতরেও নজরদারি বাড়ানো হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে একজন পুলিশ সুপার ও দুই জন অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত আছেন। সরকার তাদের কঠোর নজরদারিতে রেখেছে।

এদিকে কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে (২৪), শেখ হাসিনার ডিপিএস কে এম শাখাওয়াত মুন, সাবেক উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন, আয়কর আইনজীবী সুফি মোহাম্মদ আল মামুন, কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তার দুই ভাই আবদুস শুক্কুর এবং আবদুল আমিন গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীতে বিভিন্ন অপরাধে ৪৯৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৪৯৯ জন গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১৩৯ জন, গুলশান বিভাগ ৪৪ জন উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ দুই জনকে গ্রেফতার করেছে।

পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, কিছু কর্মকর্তার বিরুদ্ধে গণঅভ্যুত্থান-পূর্ববর্তী সময়ে কর্মস্থলে দায়িত্ব পালনকালে সংঘটিত অপরাধে জড়ানোর অভিযোগ আছে। গ্রেফতারের ক্ষেত্রে সেসব অভিযোগের কথা সামনে আসছে। তবে এত দিন পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পেছনে অভ্যন্তরীণ তথ্য ফাঁস ও কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে পাওয়া তথ্য ও ভূমিকা রাখছে বলে জানা গেছে।  পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েক জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্য যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে, তাদের কর্মকাণ্ড গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত আজাদসহ দুই এসপি ও দুই অতিরিক্ত এসপি গ্রেফতার হলেন।

গত বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আজাদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, নুরুজ্জামান জনি হত্যা মামলায় আজাদকে গ্রেফতার করা হয়েছে। তিনি গাজীপুরের ঐ প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন। ঝালকাঠির বাসিন্দা আজাদ ২৫তম বিসিএসের পুলিশ কর্মকর্তা। গ্রেফতার অন্য তিন কর্মকর্তা হলেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত এসপি আবুল হাসান ও মো. রাকিবুল হাসান।

১৪ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। মামলায় তার বিরুদ্ধে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে। অতিরিক্ত এসপি আবুল হাসানকে গ্রেফতার করা হয় ঢাকায় বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায়। গত মঙ্গলবার ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর ৩৩তম বিসিএসের কর্মকর্তা রাকিবুল হাসানকে রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

২০১৫ সালের ১৯ জানুয়ারি ছোট ভাইকে দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন নুরুজ্জামান জনি। তার পরিবারের অভিযোগ, কারাগারের সামনে থেকে জনি ও তার এক সঙ্গীকে তুলে নিয়ে যায় পুলিশ। পরদিন ভোরে খিলগাঁও খেলার মাঠে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজিয়ে জনিকে গুলি করে হত্যা করা হয়। সে সময় ডিবি দাবি করেছিল, ‘বন্দুকযুদ্ধে’ জনি নিহত হয়েছেন। এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও জনিকে হত্যার অভিযোগ করা হয়। ট্রাইব্যুনালের চাহিদার পরিপ্রেক্ষিতে ডিবি আজাদকে গ্রেফতার করে।

গতকাল ভোরে ধানমন্ডি-২৭ এলাকা থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এবং সাবেক উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মোহাম্মদ আল মামুন ছাত্রদল নেতাকর্মীরা আটক করার পর পুলিশের হাতে তুলে দেন। তাদেরও কারাগারে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে (২৪) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আনোয়ারুল কলকাতায় খুন হন। গত বুধবার রাতে ডিএমপির ডিবির ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মুমতারিনকে আটক করে। ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মুমতারিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে বদি গ্রেফতারের পর থেকেই চট্টগ্রাম বিভাগ ছেড়েছিলেন তার ছেলে ও দুই ভাই। এরপর সিলেটের বিভিন্ন হোটেলে থাকা শুরু করেন তারা। সম্প্র্রতি সেখান থেকে ভারতেও পালানোর চেষ্টা করেছিলেন। তবে তারা সফল হননি। এর আগেই তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তার দুই ভাই আবদুস শুক্কুর এবং আবদুল আমিন। তাদের সঙ্গে থাকা সহযোগী মোহাম্মদ হোসেনকেও একই জায়গা থেকে গ্রেফতার করেছিল পুলিশ। তিনি টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।

ইত্তেফাক/এএম