বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত ১২ 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৪:০৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চারটি পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালিয়ে ১২ জন কে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ২০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে প্রদেশটির নুশকি, সিবি, পাঞ্জগুর ও কেচ জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, গত ২০ নভেম্বর নুশকি জেলায় একটি সন্ত্রাসী আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির পর ভারত-সমর্থিত ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর আট সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

পরদিন ২১ নভেম্বর সিবি জেলায় সন্ত্রাসীদের গতিবিধি শনাক্ত করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে আরও দুজন নিহত হন।

এ ছাড়া ২২ ও ২৩ নভেম্বর পাঞ্জগুর ও কেচ জেলায় পৃথক দুটি অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর আরও দুজনকে হত্যার দাবি করেছে আইএসপিআর।

বিবৃতিতে বলা হয়, জাতীয় কর্মপরিকল্পনার (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) অধীনে ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান পূর্ণ গতিতে চলবে।

এদিকে বেলুচিস্তানে এসব অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন তিনি।

বিবৃতিতে জারদারির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক সাফল্য দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য তাদের অঙ্গীকার এবং আত্মত্যাগের প্রমাণ। জাতীয় নিরাপত্তার জন্য ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ ও বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে। গত সপ্তাহে বেলুচিস্তানের মাস্তুং জেলায় পৃথক দুটি অভিযানে ১৫ জন সন্ত্রাসী নিহত হন।

এর আগে ১৪ নভেম্বর বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় একাধিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে একজন মেজরসহ চার সেনা নিহত এবং ২৪ জন সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানায় পাকিস্তানি সেনাবাহিনী। ১ নভেম্বর বেলুচিস্তানের কাচি ও খারান জেলায় দুটি অভিযানে এক সেনা নিহত এবং ১৭ জন সন্ত্রাসী নিহত হন।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা কমলেও প্রাণহানি ও আহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, এতে দেশজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকির তীব্রতা ও অস্থিতিশীলতার পরিবর্তনশীল চিত্র ফুটে উঠেছে।

ওই সময়ে খাইবার পাখতুনখোয়ায় সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে। প্রদেশটিতে ১৬টি হামলায় ৪৪ জন নিহত হন। অন্যদিকে বেলুচিস্তানে ১৩টি হামলায় আটজন নিহত ও ১৯ জন আহত হন। সাবেক উপজাতীয় জেলাগুলোতে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: ডন

ইত্তেফাক/এসজে