ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে গোপালগঞ্জে নির্যাতনের শিকার হয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতা। বাস থামিয়ে তাকে তুলে নেওয়ার পর মারধর করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ওই নেতা। তার আরও অভিযোগ, জোর করে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ানোর ভিডিও ধারণ করে তার ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়েছে। পরে হামলাকারীদের কাছ থেকে পালিয়ে পিরোজপুরে পৌঁছালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত ওই নেতার নাম মোহাম্মদ সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। তার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। তিনি মৃত মো. আলকাস খানের ছেলে। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
সাব্বিরের অভিযোগ, বৃহস্পতিবার রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন তিনি। বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। ওই ব্যক্তি তার ফেসবুক পোস্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন। পরে তিনি বাসের পেছনের দিকে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন।
সাব্বিরের ভাষ্য, এর কিছুক্ষণ পর রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাকে নামিয়ে নিয়ে যায়। তাদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল। পরে অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে তাকে মারধর করা হয়। এ সময় তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালাগালমূলক বক্তব্য দিতে বাধ্য করেন। সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তার নিজের ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়। এ সময় তার মুঠোফোন ও পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।
একপর্যায়ে হামলাকারীদের কাছ থেকে পালিয়ে একটি মাঠ পেরিয়ে অন্য পথ দিয়ে মূল সড়কে ফিরে আসেন সাব্বির। পরে অন্য একটি বাসে করে পিরোজপুরের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সিও অফিস মোড় থেকে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হাসপাতালে উপস্থিত হন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভিডিও কলে সাব্বিরের খোঁজখবর নেন।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার জানান, রাতে খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে যান এবং আহত সাব্বিরের চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার বিষয়ে পিরোজপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক কে. এম. আসিফ আহাম্মেদ জানান, সাব্বিরের পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের কারণে বিভিন্ন জায়গায় কালো দাগ হয়েছে। রাতেই তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি তিনি জেনেছেন। সাব্বির খান পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানতে পেরে পুলিশ পাঠিয়ে তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জেনেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
