মাটি খুঁড়তে গিয়ে বো’মার বি’স্ফোর’ণে আহত ২

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:০৩

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের বেজপাড়ার বিহারি কলোনি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আহত দুই শ্রমিক হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

পুলিশ ও কর্মরত শ্রমিকরা জানান, শুক্রবার সকালে শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকায় বাদল নামে এক ব্যক্তির বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে হঠাৎ কোদালের কোপ লেগে বোমার বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত দুজন শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালী থানার ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছিল। বিষয়টি তদন্তে কাজ করছে পুলিশ।

ইত্তেফাক/এপি