খাওয়ানোর জন্য খুঁজছিলেন মায়েরা, পরে পুকুরে ভেসে উঠল দুই চাচাতো ভাইয়ের মরদেহ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:৩২

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর রহমান (৪) ও আলিফ হোসেন (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাদার সঙ্গে পুরোনো বাড়িতে বেড়াতে গিয়েছিল চাচাতো দুই ভাই। পরিবারের সদস্যরা কথাবার্তায় ব্যস্ত থাকায় বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় তারা। একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে। আলিফ সিঙ্গাপুরপ্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাতটার দিকে দুই শিশুর দাদা হালিম দেওয়ান তাদের নিয়ে মূল বাড়ি থেকে কিছুটা দক্ষিণে অবস্থিত পুরোনো বাড়িতে বেড়াতে যান। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি। এ সময় দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলতে খেলতে তারা পুকুরপাড়ে চলে যায়। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়।

এদিকে শিশুদের খাবার খাওয়ানোর জন্য মায়েরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানান তারা। পরে স্বজন ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখেন তারা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হক জানান, বেলা ১১টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এদিকে দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার দুটিতে চলছে মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান হাসাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম।

এদিকে শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে খুঁজে দেখা হচ্ছে, তবে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ইত্তেফাক/এনটিএম