অনলাইন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ লেনদেনে নিজ ব্যাংক হিসাব ব্যবহার করতে দিয়ে সাইবার অপরাধীদের সহযোগিতা করার অভিযোগে ভারতের উত্তর প্রদেশ থেকে দেবেন্দ্র মালিক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উত্তর প্রদেশের বিজনৌর জেলার ধর্ম নগরী কলোনির বাসিন্দা দেবেন্দ্র সাইবার অপরাধের সঙ্গে যুক্ত লেনদেনে নিজের ব্যাংক হিসাব ব্যবহারের সুযোগ দিয়ে কমিশন নিতেন।
সুরাট সিটি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, গুজরাটের এক বাসিন্দা হোয়াটসঅ্যাপে বিয়ের আমন্ত্রণপত্রের ছদ্মবেশে পাঠানো একটি ক্ষতিকর এপিকে (APK) ফাইল ডাউনলোড করে ১০ লাখ ২ হাজার রুপি খোয়া যাওয়ার অভিযোগ করার পর বিষয়টি সামনে আসে। তদন্তকারীদের অভিযোগ, মালিক তাঁর ব্যাংক হিসাবে জমা হওয়া প্রতারণার টাকা তুলে প্রায় ২০ শতাংশ কমিশন হিসেবে নিজের কাছে রেখে বাকি অর্থ চক্রের পলাতক সহযোগীদের কাছে পৌঁছে দিতেন।
পুলিশের তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তি ও তাঁর সহযোগীরা অভিযোগকারীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘ওয়েডিং ইনভিটেশন ডট এপিকে’ নামের একটি ক্ষতিকর ফাইল আসল বিয়ের আমন্ত্রণপত্র হিসেবে পাঠিয়েছিলেন। ফাইলটি ডাউনলোড করার পর ভুক্তভোগীর মোবাইল ফোনের নিয়ন্ত্রণ প্রতারকদের হাতে চলে যায় এবং এর সুযোগ নিয়ে তারা ভুক্তভোগীর অজান্তেই তাঁর ব্যাংক হিসাব থেকে ১০ লাখ ২ হাজার রুপি সরিয়ে নেয়।
পরবর্তী সময়ে প্রতারকদের মাধ্যমে সংগৃহীত ওই অর্থ অভিযুক্ত ও তাঁর সহযোগীদের ব্যবস্থা করা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয় এবং চেকের মাধ্যমে নগদ অর্থ তুলে নেওয়া হয়। তদন্ত চলাকালে সাইবার ক্রাইম ব্রাঞ্চ লেনদেনের গতিপথ শনাক্ত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো বিশ্লেষণ করে এবং কারিগরি নজরদারি চালিয়ে বিজনৌর থেকে দেবেন্দ্র মালিককে শনাক্ত ও গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তিনি প্রতারকদের নিজের ব্যাংক হিসাব ব্যবহার করতে দিয়েছিলেন এবং হিসাব থেকে নগদ টাকা তুলে নিজের ভাগ রেখে বাকি অর্থ নেটওয়ার্কের অন্য সদস্যদের হাতে তুলে দেন।
এ ঘটনায় সাইবার ক্রাইম থানায় ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮, ৩৪০(২), ৬১(২) ও ৩(৫) ধারায় এবং তথ্যপ্রযুক্তি আইন, ২০০৮-এর ৬৬(ডি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে আসা এপিকে (APK) ফাইল ডাউনলোড না করার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে পুলিশ। বিশেষ করে বিয়ের আমন্ত্রণপত্র, আরটিও চালান, ব্যাংকিং সেবা, কাস্টমার সাপোর্ট বার্তা, কেওয়াইসি হালনাগাদ, সরকারি প্রকল্প, অ্যাপয়েন্টমেন্ট বুকিং কিংবা গ্রোসারি অ্যাপ্লিকেশনের নামে পাঠানো ফাইল থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি এসএমএস বা ই-মেইলের মাধ্যমে আসা সন্দেহজনক লিংকে ক্লিক না করারও আহ্বান জানিয়েছে পুলিশ।
কর্মকর্তারা জানিয়েছেন, কেউ আর্থিক সাইবার অপরাধের শিকার হলে তাৎক্ষণিকভাবে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন ‘১৯৩০’-এ যোগাযোগ করা উচিত, কারণ দ্রুত অভিযোগ জানালে প্রতারকদের ব্যাংক হিসাবে স্থানান্তরিত অর্থ জব্দ করার সম্ভাবনা বেড়ে যায়।
