‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৯:৪৫

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো পাঁয়তারা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরাজিত অপশক্তি এখনও সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিওর মাধ্যমে উসকানি দিয়ে অগ্নিসন্ত্রাস ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। যার মাধ্যমে নাগরিক জীবন বিপর্যস্ত, বিপন্ন হতে পারে। কিন্তু আপনারা, আমরা আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে, অত্যন্ত ধৈর্যশীলতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলা করব ইনশাআল্লাহ।

তিনি বলেন,  যারা থানা জ্বালিয়ে দিয়েছে, হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে, সংসদ সদস্যদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট জ্বালিয়ে দিয়েছে, তাদের আমরা চিহ্নিত করেছি। তাদের উসকানি সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে আসছে। তারা বলছে, আগুন লাগিয়ে দিতে। তাদের এখানে লুকায়িত যেসব নেতাকর্মী আছেন, তাদেরকে তারা ইন্ধন জোগাচ্ছেন, উসকাচ্ছেন, আগুন লাগানোর জন্য নির্দেশ দিচ্ছেন। বাংলাদেশের মাটিতে তাদের অগ্নিসন্ত্রাস আর কখনো সফল হতে দেওয়া হবে না।

গার্মেন্টস এলাকার অস্থিরতা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উসকানি দিয়ে শ্রমিকদের ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। ইতিমধ্যে মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য ও ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায় করেছেন। কিন্তু এখনো কিছু দুষ্কৃতকারীরা শ্রমিক ভাইদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। তারা কারা? তারা ওরাই, যারা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।

গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও আদর্শ থাকবে, সংসদে তর্ক-বিতর্ক হবে। কিন্তু গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী যেভাবে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেরকম ঐক্য আবার আমরা গড়ে তুলব। সেই ঐক্যকে শক্তি হিসেবে ব্যবহার করে শান্তি-শৃঙ্খলা ও উন্নতি নিশ্চিত করা হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিক অধিকার প্রসঙ্গে তিনি বলেন, অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যায় কম হোক বা বেশি হোক, বিভিন্ন জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী সবাই মিলে আমরা বাংলাদেশে আছি। আমরা সবাই মিলে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এ দেশের সমান নাগরিক; নাগরিক অধিকার সবার সমান।

খতমে নবুওয়াত সম্মেলনের দাবিগুলোর প্রসঙ্গে তিনি বলেন, সম্মেলনের পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া সব সময় ছিল, এখনও আছে। আমরা বলেছি, তা আইনে আনব ইনশাআল্লাহ। যেটা সম্ভব হবে, সবাইকে সঙ্গে নিয়েই তা বাস্তবায়ন করব।

বিগত ১৬ থেকে ১৭ বছরের শাসনামলকে আলেমবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জবরদস্তিমূলক শাসনের মধ্যে ছিলাম। যেখানে পবিত্র বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। যেখানে সব আলেম-ওলামারা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে জীবনধারণ করেছেন। যেখানে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে রাতের অন্ধকারে আমাদের শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, গরিব ভাই-বোনদের, আমাদের আলেমদের হত্যা করা হয়েছে। তাদের প্রকৃত সংখ্যা এখনো পর্যন্ত নিরূপণ করা যায়নি। অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেওয়া হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের দায়ের করা নিয়মিত মামলার সূত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) ওই হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং এর বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার কয়েক হাজার ওলামায়ে কেরাম ও মুসল্লি অংশ নেন।

 

ইত্তেফাক/এমএসআর