দুই মাস আগে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে আবারও সৌদি আরবে কর্মস্থলে ফিরেছিলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ির আশরাফ উদ্দিন রনি (২৬)। হয়তো দেশে ফেরার পর আবারও পরিবারের সঙ্গে সময় কাটানোর স্বপ্ন ছিল তার। কিন্তু সেই ফেরা আর হলো না। সৌদি আরবের পাহাড়ি সড়কে এক দুর্ঘটনায় থেমে গেল তার সৌদি যাত্রা।
শুক্রবার (২৭ নভেম্বর) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টার দিকে দেশটির আভা অঞ্চলে পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় ফ্রিজার ভ্যান দুর্ঘটনার শিকার হয়। এতে প্রাণ হারান আশরাফ ও ভ্যানচালক কামরুল হাসান। এর মধ্যে কামরুলের বাড়ি নোয়াখালী জেলায়।
নিহত আশরাফের চাচা ও খাগড়াছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন জানান, মাছ নিয়ে আভা থেকে জিজানের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ভ্যানটির চালকের পাশেই ছিলো আশরাফ। দুর্ঘটনায় দুজনই মারা যান।
তিনি আরও জানান, আশরাফ ও কামরুলের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
