এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৯:৪৬

বিশ্ববাজারে টানা দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। শুক্রবার (২৭ নভেম্বর) একদিনেই মূল্যবান এই ধাতুর দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। ডলারের দর স্থিতিশীল হওয়া এবং বিশ্ব শেয়ারবাজারে কিছুটা স্বস্তি ফেরায় স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭৭ ডলারে দাঁড়ায়। এর আগে বুধবার স্বর্ণের দাম গত বছরের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত ধাতুটির দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।

সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, কয়েক দিনের দরপতনের পর বাজারে আবার ক্রেতারা ফিরতে শুরু করেছেন। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারে স্থিতিশীলতা ফেরায় স্বর্ণের বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের সময় কিছু বিনিয়োগকারী অন্য খাতের লোকসান সামাল দিতে এবং নগদ অর্থের জোগান নিশ্চিত করতে স্বর্ণ বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। সাম্প্রতিক দরপতনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় স্বর্ণের বাজারেও ক্রেতাদের আগ্রহ ফিরছে।

দে কাসার মতে, স্বর্ণের দাম শিগগিরই প্রতি আউন্স ৫ হাজার ডলারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। তবে দাম আবার ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ ডলারের মধ্যে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে।

এদিকে চলতি সপ্তাহের শুরুতে ২২ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর মার্কিন ডলারের দর কিছুটা স্থিতিশীল হয়েছে। সাধারণত ডলারের দর কমলে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণসহ অন্যান্য ধাতু বিদেশি মুদ্রার ব্যবহারকারীদের কাছে তুলনামূলক সস্তা হয়ে ওঠে। এতে এসব ধাতুর চাহিদা বাড়ার সুযোগ তৈরি হয়।

অন্যদিকে, টানা চাপের পর বিশ্ব শেয়ারবাজারেও কিছুটা স্থিতিশীলতা ফিরেছে। যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির কারণে লেনদেনের চাপ কম থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কিছুটা কমেছে।

তবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য স্বর্ণের বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বুধবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি প্রাথমিক হিসাবের তুলনায় অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। একই সময়ে অক্টোবরে মূল্যস্ফীতিও বেড়েছে। ফলে আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুর দিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক আবার সুদের হার বাড়াতে পারে, এমন প্রত্যাশা জোরালো হয়েছে।

সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ সাধারণত কমে যায়। কারণ, তখন বিনিয়োগকারীদের জন্য সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ করে মুনাফা অর্জনের সুযোগ বাড়ে।

এদিকে এ সপ্তাহে এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ভৌত স্বর্ণের চাহিদা বেড়েছে। ভারতে গয়না ও বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণ কেনার প্রবণতা বেড়েছে। চীনেও খুচরা পর্যায়ে শক্তিশালী চাহিদার কারণে স্থানীয় বাজারে স্বর্ণের বাড়তি দাম স্থিতিশীল রয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৪ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৩ দশমিক ২৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯১২ দশমিক ২২ ডলারে পৌঁছেছে। সপ্তাহের শেষ দিকে তিনটি ধাতুর দামেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সূত্র: রয়টার্স

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন