হাইওয়ে পুলিশের ধাওয়ায় মোটরসাইকেল ফেলে পালালো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২০:০৯

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি-বোড়াই এলাকায় দিনদুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সবাই নামাজে ব্যস্ত থাকার সুযোগে তারা সড়ক অবরোধের চেষ্টা করেছেন বলে ভাষ্য স্থানীয়দের। তবে সর্বশেষ পুলিশের ধাওয়ায় পালিয়ে যায় বিক্ষোভকারীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলের বহর নিয়ে এসে তারা প্রধান সড়কে অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান দেয়। এ সময় হাইওয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বিএনপি নেতা মুছা করিম খোকার দাবি, জুমার নামাজের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেলের একটি বহর সাধুহাটির ১২ মাইল এলাকার লালন ফিলিং স্টেশন থেকে মহড়া শুরু করে। সাধুহাটি মোড়ে স্লোগান দিয়ে মিছিল করার সময় তিনি স্থানীয় লোকজন নিয়ে তাদের ধাওয়া করেন। পরে বোড়াই মাঠের কাছে সড়কের ওপর মোটরসাইকেল রেখে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভকারীরা। এ সময় সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

তবে ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হাইওয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও স্থানীয় লোকজন ধাওয়া করলে কয়েকটি মোটরসাইকেল ফেলে ছত্রভঙ্গ হয়ে যায় তারা।

প্রত্যক্ষদর্শী বদরগঞ্জ বাজারের সজিব হোসেন জানান, একপর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজন জোটবদ্ধ হয়ে পুলিশের গাড়ির দিকে এগিয়ে গিয়ে ‘মাইর হবে, মাইর হবে’ বলে চিৎকার করে। পরে স্থানীয় লোকজন হৈচৈ শুরু করলে একটি মোটরসাইকেল (ঝিনাইদহ-ল-১১-৯২৬৭) ফেলে পালিয়ে যায় তারা। মোটরসাইকেলটি আরাপপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

ভিডিওতে আরও দেখা যায়, হেলমেট পরা এক ব্যক্তি পুলিশের কাছ থেকে ঝিনাইদহ-হ-১৪-২৮২৯ নম্বরের আরেকটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। পরে বিক্ষোভকারীরা চুয়াডাঙ্গার দিকে চলে যায়।

সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুমার নামাজের সময় মানুষ ব্যস্ত থাকার সুযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে স্লোগান দেয়। নামাজ শেষে লোকমুখে তারা এ খবর জানতে পারেন।

এদিকে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

সদর থানার এসআই রোকনুজ্জামান জানান, ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। জড়িতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এপি