২ লাখ কোচিং সেন্টারে জড়িত লাখো শিক্ষক!

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০০

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে রাজধানীসহ সারা দেশে প্রায় ২ লাখ কোচিং সেন্টারে সম্পৃক্ত রয়েছেন লাখো এমপিওভুক্ত শিক্ষক! বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ প্রতিবেদন অনুযায়ী, দেশে নিবন্ধিত কোচিং সেন্টারের সংখ্যা ৬ হাজার ৫৮৭। এর মধ্যে একাডেমিক ৬ হাজার ৩১২টি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বা চাকরিসংক্রান্ত কোচিং সেন্টার রয়েছে আরো ২৭৫টি।

শিক্ষাসংশ্লিষ্টরা যদিও বলছেন, নিবন্ধনহীন কোচিং সেন্টারের সংখ্যা প্রায় ২ লাখ। রাজধানীর পাশাপাশি প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্কুল-কলেজের আশপাশে দেখা মিলছে এ ধরনের প্রতিষ্ঠানের। অনেক কোচিং সেন্টারের মালিকই শিক্ষক। অবশেষে ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ানো শিক্ষকদের লাগাম টানার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বলেছেন, ‘অনেক শিক্ষক রয়েছেন, ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি তালিকা করছি। এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না।’

নীতিমালায় যা আছে :শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কোচিং ব্যবসা নিষিদ্ধ করে ২০১২ সালে ‘কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা’ জারি করে সরকার। নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষক বাণিজ্যিক ভিত্তিতে গড়ে ওঠা কোনো কোচিং সেন্টারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হতে পারবেন না। কোনো শিক্ষক শিক্ষার্থীদের কোচিং-এ উত্সাহিত, উদ্বুদ্ধ বা বাধ্য করতে পারবেন না। এমপিওভুক্ত কোনো শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত থাকলে তার এমপিও স্থগিত, বাতিল, বেতনভাতা স্থগিত, বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত, বেতন এক ধাপ অবনমিতকরণ, সাময়িক বরখাস্ত, চূড়ান্ত বরখাস্ত ইত্যাদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার বিধান থাকলেও বাস্তবে প্রয়োগ নেই বললেই চলে। নীতিমালায় বলা হয়েছে, অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের আগে বা পরে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে পারবেন। এক্ষেত্রে মহানগরী এলাকার প্রতি শিক্ষার্থীর কাছ থেকে মাসে ৩০০ টাকা, জেলা পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা এবং উপজেলা ও অন্যান্য এলাকার শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা নেওয়া যাবে। তবে প্রতিষ্ঠান প্রধান ইচ্ছা করলে দরিদ্র শিক্ষার্থীদের এই অতিরিক্ত কোচিংয়ের টাকা কমাতে বা মওকুফ করতে পারবেন বলে নীতিমালায় বলা হয়েছে। নীতিমালা অনুযায়ী অতিরিক্ত ক্লাসের ক্ষেত্রে একটি বিষয়ে মাসে কমপক্ষে ১২টি ক্লাস নিতে হবে, প্রতি ক্লাসে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবে। অতিরিক্ত ক্লাস থেকে আয়ের টাকার ১০ শতাংশ বিদ্যালয়ের পানি, বিদ্যুত্, গ্যাস ও সহায়তা কর্মচারীদের ব্যয় বাবদ রাখা হবে। বাকি টাকা শিক্ষকরা পাবেন। স্কুল কর্তৃপক্ষ এই অর্থ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্যদ কোচিং বাণিজ্যরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে নীতিমালায় বলা হয়েছে।

স্কুলে তো শুধু পড়া দেয় আর নেয় :জানা গেছে, মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে গণিত পড়ানো শিক্ষকের সংখ্যা ৬৭ হাজার ৬৯৭ এবং ইংরেজি বিষয়ের ক্লাস নেন ৬৪ হাজার ২৫৩ জন। এদের বেশির ভাগই বাইরে কোচিং করান। অভিভাবকদের অভিযোগ, অঙ্ক, ইংরেজি ও বিজ্ঞানের শিক্ষকের কাছে স্কুল বা বাহিরে কোচিং না করালে শিক্ষার্থীদের কম নম্বর বা ফেল করিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। এমনকি কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাও ঘটছে। এদিকে শিক্ষাব্যয় জোগাতে হিমশিম মধ্যবৃত্ত পরিবার। রাজধানীর ফার্মগেটে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন আজিজুল হক। দুই ছেলে, মা ও স্ত্রীকে নিয়ে থাকেন মোহাম্মদপুর এলাকায়। ছেলে দুটিকে ভর্তি করেছেন মোহাম্মদপুরে একটি স্কুলে। প্রথম ছেলে এবার নবম শ্রেণিতে, আর দ্বিতীয়টি পঞ্চম শ্রেণিতে। আজিজুল হকের বেতন ৩৫ হাজার টাকা। আজিজুল হক বলেন, ‘দুজনের স্কুলের বেতন ৪ হাজার টাকার মতো। স্কুলের ক্লাসে তো তেমন পড়ানো হয় না। আলাদাভাবে তাদের উভয়েরই দুটি করে প্রাইভেট পড়তে হয়। বিশেষ করে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয় না পড়লে হয় না। স্কুলে তো শুধু পড়া দেয় আর নেয়। মাসে প্রাইভেটে খরচ হয়ে যায় প্রায় ১০ হাজার টাকা। আর দুজনের যাতায়াত, টিফিন আর খাতা, কলমসহ আনুষঙ্গিক শিক্ষা উপকরণে আরো প্রায় ৪ হাজার টাকা। সব মিলিয়ে দুই সন্তানের পড়ালেখার পেছনেই খরচ হয় প্রায় ১৮ হাজার টাকা। এরপর বাসা ভাড়া দিলে অবশিষ্ট আর কিছু থাকে না।’ সন্তানের শিক্ষার খরচ মিটিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন আজিজুল হক। তাকে বছরে চার বার কিনতে হয় ১৪টি খাতার সেট।

কোচিং সেন্টার শিক্ষাসংশ্লিষ্ট হলেও নিবন্ধন বা অনুমোদন দেওয়া হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে :কোচিং সেন্টার শিক্ষাসংশ্লিষ্ট হলেও নিবন্ধন বা অনুমোদন দেওয়া হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান-সিটি করপোরেশ, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে। ফলে শিক্ষা মন্ত্রণালয় কিংবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কোনো তদারকি নেই বললেই চলে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ১১১ নম্বর ধারা, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৭৯ নম্বর ধারা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৮২ নম্বর ধারায় এসব প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়ার বিধান রয়েছে। এর সুযোগ নিয়েই কোচিং সেন্টারগুলো ব্যবসাপ্রতিষ্ঠানের মতো নিবন্ধন নিচ্ছে এবং নিজেদের কার্যক্রমকে বৈধ দাবি করছে। তবে এসব প্রতিষ্ঠান কীভাবে চলবে, শিক্ষার্থী অনুপাতে শিক্ষক কত হবে, সে বিষয়ে কোনো নীতিমালা নেই। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেন, ‘বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট শর্ত পূরণ করে বোর্ডের মাধ্যমে নিবন্ধন নিয়ে থাকে। বোর্ডের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানের মান বজায় রাখার জন্য পরিদর্শনেরও নিয়ম রয়েছে। তবে কোচিং সেন্টারগুলো শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় না থাকায় এগুলোয় তেমন কোনো পরিদর্শন হয় না।’

অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে কোচিং সেন্টারেই বেশি সময় দেন :বিবিএসের জরিপে কোচিং সেন্টারগুলোকে চিহ্নিত করা হয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে। জরিপের তথ্য অনুযায়ী বর্তমানে যেসব কোচিং সেন্টার আছে, সেগুলোর মধ্যে ৪ হাজার ৩১০টি ব্যক্তিমালিকানাধীন, ২ হাজার ২৬টি যৌথ মালিকানাধীন, ১১৬টি ট্রাস্টি বোর্ড বা ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়া ১৩৬টি পরিচালিত হচ্ছে বোর্ড অব ডিরেক্টরস বা ম্যানেজিং কমিটির মাধ্যমে। এসব প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ১৭ হাজার এবং মোট জনবল ৬৬ হাজার ৭৫৪ জন। তাদের মধ্যে শিক্ষক রয়েছেন ৬১ হাজার ৮১২ জন। অভিযোগ আছে, কোচিং সেন্টারগুলোর অধিকাংশেই বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা জড়িত। তাদের কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ সালে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা জারি করলেও তা বন্ধ করা সম্ভব হয়নি। বরং অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে কোচিং সেন্টারেই বেশি সময় দেন। আবার অনেক ক্ষেত্রে বিদ্যালয়ের কক্ষই ভাড়া দেওয়া হচ্ছে কোচিং কার্যক্রমে। বিবিএসের তথ্য বলছে, কোচিং সেন্টারগুলোর মোট জনবলের মধ্যে ২৬ হাজার ৯৭০ জনই পার্টটাইম কর্মজীবী।

বর্তমানে কোচিং সেন্টারগুলো যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বলা যায় :ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন অধ্যাপক বলেন, ‘কোচিং সেন্টার থাকা উচিত নাকি বন্ধ করা উচিত তা দীর্ঘ আলোচনার বিষয়। এখন যে কোচিং সেন্টারগুলো যেভাবে পরিচালিত হচ্ছে তাতে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বলা যায়। শিক্ষাপ্রতিষ্ঠান বলার সুযোগ নেই। যে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান স্থানীয় সরকার থেকে নিবন্ধন নিতে পারে। যদি এসব প্রতিষ্ঠানকে সহায়তামূলক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে হয়, তাহলে নিবন্ধনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় নেওয়া উচিত। নিয়মিত মনিটরিং ও জবাবদিহির বিধানও থাকা উচিত।’

ক্লাসে প্রত্যাশিত মানের শিক্ষা পাচ্ছে না শিক্ষার্থীরা :অভিভাবকরা জানান, বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষা কার্যক্রম মানসম্পন্ন না হওয়ায় শিক্ষার্থীদের কোচিং সেন্টরের দিকে ঝুঁকতে হচ্ছে। পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করতে সন্তানদের এসব প্রতিষ্ঠানে পাঠানো যেন এখন প্রায় বাধ্যতামূলক হয়ে উঠেছে। তবে বেশির ভাগেরই অনুমোদনের নামে কেবল নামমাত্র কাগজপত্র রয়েছে, কিন্তু পাঠদান বা শিক্ষার মান নিয়ন্ত্রণের কোনো তদারকি নেই। ফলে প্রত্যাশিত মানের শিক্ষা পাচ্ছে না শিক্ষার্থীরা, বরং বাড়তি আর্থিক চাপ বহন করতে হচ্ছে অভিভাবকদের। মাসিক ফি, ভর্তি ফি ও অন্যান্য খরচের কারণে পড়াশোনার ব্যয়ও বেড়ে যাচ্ছে বহুগুণ। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পড়ছে চরম আর্থিক চাপে।

ইত্তেফাক/এএম