৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮

বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়া সত্ত্বেও আগামী আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের মনোনীত প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট। শুক্রবার (২৭ নভেম্বর) দুটি জোট চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়ে তিনি এই অঙ্গীকার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, এক সপ্তাহ আগে তিনি সরকার গঠনের তিনটি প্রধান পথ চিহ্নিত করেছিলেন এবং প্রতিটি পথের মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর সব সম্ভাবনা কাজে লাগানোর অঙ্গীকার করেছিলেন। এর মধ্যে কয়েকটি পথ থেকে ইতিবাচক সাড়া ও সহযোগিতার সদিচ্ছা পাওয়ায় একটি জোট, আনুষ্ঠানিক চুক্তি এবং নতুন সরকারের নীতিগত নির্দেশিকা তৈরি করা সম্ভব হয়েছে।

তবে প্রকাশ্য অবস্থান বা পর্দার আড়ালের আলোচনায় লিকুদের সঙ্গে তেমন কোনো অগ্রগতি হয়নি বলে জানান তিনি। আইজেনকোট বলেন, গত দুই সপ্তাহে তার ইয়াশার পার্টি ও লিকুদের আলোচক দল পাঁচটি বৈঠক করলেও আলোচনা জোরদার করার প্রস্তাবগুলো লিকুদ বারবার প্রত্যাখ্যান করেছে। তার মতে, লিকুদের সদিচ্ছা থাকলে দুই সপ্তাহ ও পাঁচটি বৈঠকই সমঝোতায় পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল।

আইজেনকোট বলেন, ‘মৌলিক বিষয়গুলোতে অগ্রগতি সাধনে লিকুদ কোনো সদিচ্ছা দেখায়নি।’ ইসরায়েলিদের জীবনযাত্রাকে প্রভাবিত করে এমন বিষয়গুলো এড়িয়ে দলটি কেবল প্রধানমন্ত্রিত্বের পালাবদলসংক্রান্ত ক্ষমতা ভাগাভাগির আলোচনায় সীমাবদ্ধ ছিল এবং গত দুই সপ্তাহে কোনো ছাড় দেয়নি বা সুনির্দিষ্ট প্রস্তাবও উপস্থাপন করেনি বলে তিনি অভিযোগ করেন।

লিকুদ কি ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আন্তরিক আলোচনায় বসবে নাকি ‘রাজনৈতিক নাটক ও সময়ক্ষেপণের কৌশল’ চালিয়ে যাবে—সে প্রশ্ন তোলেন আইজেনকোট। তবে লিকুদ দৃষ্টিভঙ্গি বদলে সমঝোতার উপযোগী সাহসী সিদ্ধান্ত নিতে চাইলে তার দরজা খোলা থাকবে বলে তিনি জোর দেন।

এদিকে আইজেনকোট ইসরায়েল বেইতেইনু এবং ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে দুটি জোট চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়ে জানান, যত দ্রুত সম্ভব টুগেদার পার্টির সঙ্গেও চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে। দলগুলোর মধ্যকার মতপার্থক্য যেন নির্বাচনের মূল লক্ষ্য অর্থাৎ ‘ইসরায়েলের ইহুদি, গণতান্ত্রিক ও উদারনৈতিক চরিত্র রক্ষা করে এবং সমতার ভিত্তিতে’ নতুন সরকার গঠনে বাধা না হয়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

নিজের মেয়াদের বাকি আট দিনের মধ্যে সরকার গঠন সম্পন্ন করে আস্থা ভোটের জন্য নেসেটে উপস্থাপনের দৃঢ়তা পুনর্ব্যক্ত করে আইজেনকোট বলেন, ‘আমাকে দেওয়া দায়িত্ব কাজে লাগিয়ে নতুন সরকার গঠনের দৃঢ় সংকল্প আমি পুনর্ব্যক্ত করছি। মাত্র আট দিন বাকি আছে এবং আমি এই সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন করতে বদ্ধপরিকর।’ আগামী ৬ ডিসেম্বর তার প্রাথমিক সময়সীমা শেষ হবে, তবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছ থেকে অ-নবায়নযোগ্য অতিরিক্ত ১৪ দিন সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

সরকার গঠনের পরও ইসরায়েলে স্থিতিশীলতা ফেরাতে আগ্রহী যেকোনো দল বা নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে জোট সম্প্রসারণের কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন আইজেনকোট। বৃহস্পতিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, অতি-রক্ষণশীল ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগসংক্রান্ত আইনের প্রাথমিক সমঝোতার পর ইয়াশার এবং ইউনাইটেড তোরাহ জুডাইজম জোটের আলোচনায় অগ্রগতি হয়েছে এবং দেগেল হাতোরাহর দুই ধর্মীয় নেতা আলোচনা চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন।

উল্লেখ্য, নেতানিয়াহুর ৪৬টি সুপারিশের বিপরীতে ৬৭ জন আইনপ্রণেতার সুপারিশ পাওয়ার পর গত ৮ নভেম্বর হার্জোগ আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন, যেখানে সাতজন আইনপ্রণেতা বিরত ছিলেন। তবে জোটে অংশগ্রহণ নিয়ে দলগুলোর মতবিরোধ থাকায় নেসেটে আস্থা ভোটের নিশ্চয়তা এখনো মেলেনি। ‘পরিবর্তন শিবিরে’ থাকা আইজেনকোটের ইয়াশার, নাফতালি বেনেটের টুগেদার, আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেইনু এবং ইয়াইর গোলানের ডেমোক্র্যাটস পার্টির নেতাদের মধ্যে সম্ভাব্য জোটসঙ্গী নিয়ে মতভেদ রয়েছে; বেনেট লিকুদের সঙ্গে ঐক্যের সরকার চান, লিবারম্যান অতি-রক্ষণশীল দলগুলোর পক্ষে এবং গোলান নেতানিয়াহুর অংশগ্রহণের বিরোধিতা করে আরব দলগুলোর সমর্থনের পক্ষে রয়েছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

ইত্তেফাক/টিএইচ