চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ের আগুন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৯

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পীরপুর ও টেইপুর গ্রামের মাঝামাঝি রাস্তার মোড়ে অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১টার পর মুঠোফোনে তিনি বিষয়টি জানতে পারেন। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলেছে এবং সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদর থানার ওসিকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
ইত্তেফাক/আইএ