উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়ের দিকে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজের ডানায় সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, ডালাস-ফোর্ট ওয়ার্থগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮ শিকাগোর ও হেয়ার বিমানবন্দরগামী ফ্লাইট ২১৫২-এর ডানায় আঘাত হানে। এ ঘটনায় তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, সংঘর্ষের পর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দুটি গেটে ফিরিয়ে নেওয়া হয়। রক্ষণাবেক্ষণ দলের পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলোর সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপদে নামিয়ে এনে দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
শিকাগোগামী ফ্লাইট ২১৫২-এর এক যাত্রী বিবিসিকে জানান, উড্ডয়নের প্রস্তুতির সময় হঠাৎ উড়োজাহাজের ডান পাশে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন তিনি। সংঘর্ষের মুহূর্তে উড়োজাহাজটি প্রচণ্ড কেঁপে ওঠে এবং কেবিনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওই যাত্রী জানান, জানালা দিয়ে বাইরে তাকিয়ে মাটিতে উড়োজাহাজের ডানার একটি ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে উড়োজাহাজটি গেটে ফেরার সময় একটি ট্রাককে ভাঙা অংশটি তুলে নিতে দেখেন।
উল্লেখ্য, একই বিমানবন্দরে ২০২৫ সালের জানুয়ারিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মাঝআকাশে সংঘর্ষে ৬৭ জন প্রাণ হারান।
হোয়াইট হাউজ ও পেন্টাগনের খুব কাছাকাছি অবস্থিত এই বিমানবন্দরের আশপাশে গত বছর থেকে বন্ধ থাকা সামরিক হেলিকপ্টারের পরীক্ষামূলক ফ্লাইট চলতি সপ্তাহেই আবার শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছিল মার্কিন সেনাবাহিনী।
সুত্রঃ সিএনএন
