সেনাসদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে আটক যুবক

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৭

সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিয়ের উদ্দেশ্যে পাত্রী দেখতে গিয়ে সাতক্ষীরায় আমির হামজা নামে এক যুবক আটক হয়েছেন। মেয়ের পরিবারের সদস্যদের সন্দেহ হলে তাঁর পরিচয় যাচাই করা হয়। পরে তিনি সেনাবাহিনীর সদস্য নন বলে জানা গেলে স্থানীয় লোকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর একটি জাল পরিচয়পত্র ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন ওই যুবককে ঘিরে ধরে তার পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইছেন। একপর্যায়ে সেনাবাহিনীর পরিচয়পত্রটি কোথা থেকে তৈরি করেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি স্থানীয় একটি কম্পিউটারের দোকান থেকে সেটি বানানোর কথা জানান।

পুলিশ জানায়, জাতীয় পরিচয়পত্রে তার নাম আমির হামজা হলেও সেনাবাহিনীর জাল পরিচয়পত্রে নাম লেখা রয়েছে মিনাজ উদ্দীন। আটক যুবক দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমির হামজাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এসজেএস